২৬ জুন ২০২৬, ০৮:২৭

শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক করবেন তারেক রহমান, আলোচনা হবে যেসব বিষয়ে

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং  © সংগৃহীত

চার দিনের চীন সফরের শেষ দিনে আজ শুক্রবার (২৬ জুন, ২০২৬) বেইজিংয়ের ঐতিহাসিক ‘গ্রেট হল অব দ্য পিপলে’ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) এই শীর্ষ বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

মুখপাত্র মাহদী আমিন জানান, চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী স্বাভাবিকভাবেই দেশের স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবেন। তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশের মানুষের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরও সুসংহত করার লক্ষ্যে এই বৈঠক অত্যন্ত ইতিবাচক ফলাফল বয়ে আনবে, ইনশাআল্লাহ।

আগামী দিনে বাংলাদেশ ও চীনের সম্পর্ক বহুমাত্রিক ক্ষেত্রে আরও গভীর হবে উল্লেখ করে মাহদী আমিন বলেন, কৌশলগত সহযোগিতা থেকে শুরু করে বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, উন্নয়ন প্রকল্প এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক—সব ক্ষেত্রেই দুই দেশের দ্বিপক্ষীয় সম্পৃক্ততা এই সফরের মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

সফরের শেষ দিনের সূচি অনুযায়ী, চীনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি সকালে ন্যাশনাল পিপলস কংগ্রেসের ন্যাশনাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গেও গ্রেট হলে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তার চীনের জাতীয় জাদুঘর পরিদর্শন করার কথা রয়েছে।

এর আগে, গত ২১ জুন প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় যান তারেক রহমান। সেখান থেকে গত সোমবার রাতে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বৈঠকে যোগ দিতে চীনের দালিয়ানে পৌঁছান তিনি। দালিয়ানে দুই দিনের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে গত বুধবার বিকেলে বেইজিংয়ে আসেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সঙ্গে এই উচ্চপর্যায়ের সফরে ২৪ সদস্যের একটি প্রতিনিধিদল রয়েছে। এর মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। এ ছাড়া প্রধানমন্ত্রীর পাঁচজন উপদেষ্টা—হুমায়ুন কবির, এ কে এম শামসুল ইসলাম, রাশেদ আল মাহমুদ তিতুমীর ও মাহদী আমিন এই সফরে অন্তর্ভুক্ত রয়েছেন।

সব আনুষ্ঠানিকতা শেষে আজ শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টায় বেইজিং বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমানটি ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।