২৩ জুন ২০২৬, ২০:৫২

বাংলাদেশিদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার 

প্রতীকী ছবি  © সংগৃহীত

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর পথ শিগগিরই সুগম হবে এবং বন্ধ থাকা শ্রমবাজারটি অতিদ্রুত উন্মুক্ত হতে যাচ্ছে বলে আশা প্রকাশ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরের পর এ বিষয়ে অত্যন্ত ইতিবাচক অগ্রগতি হয়েছে।

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক সম্পন্ন হওয়ার পরদিন আজ মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহম্মদের এক প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী এসব তথ্য জানান।

আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্তকরণের জন্য নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। আশা করা যায়, অতিদ্রুত দেশটিতে বাংলাদেশি কর্মী পাঠানোর পথ সুগম হবে। এর পাশাপাশি মালয়েশিয়ায় বর্তমানে যেসব বাংলাদেশি কর্মী অবৈধভাবে অবস্থান করছেন কিংবা বিভিন্ন আইনি ও চাকরিগত সমস্যায় আছেন, তাদের সাধারণ ক্ষমার আওতায় বৈধকরণের জন্য সরকারের পক্ষ থেকে জোরালো কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী জানান, বাংলাদেশের কর্মীদের জন্য দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার হলেও বর্তমানে মালয়েশিয়ায় সরকারিভাবে সরাসরি কোনো কর্মী পাঠানো হচ্ছে না। তবে মালয়েশিয়াসহ বিশ্বের যেকোনো দেশে সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মীদের যাওয়ার সুযোগ রয়েছে।

সংসদে সংরক্ষিত আসনের সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী দেশের রেমিট্যান্সের চিত্র তুলে ধরে জানান, সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে মোট ৩ হাজার ৩২ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৪২৬ কোটি ডলার রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে।