২৩ জুন ২০২৬, ২০:০৭

রাতে চীনের উদ্দেশ্যে রওনা হবেন দুই মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি  © সংগৃহীত

রাষ্ট্রীয় সফরে গণচীনের বেইজিংয়ে অবস্থানরত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সফর সঙ্গী হতে রাতেই ঢাকা ছেড়ে চীনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন সরকারের দুই মন্ত্রী। 

 আজ মঙ্গলবার (২৩ জুন) ঢাকা থেকে রাতে চীন রওনা করবেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিল সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি। 

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন রাত ১০টা ৩০ মিনিটে এয়ার চায়নার একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওয়ানা হবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রণালয়ের মিডিয়া সমন্বয়কারী খন্দকার কাওছার হোসেন।

তিনি জানান, চীন সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে সেখানে যোগ দেবেন তথ্যমন্ত্রী।

সফরকালে তিনি চীনের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করবেন। সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তথ্যমন্ত্রী চীনের রাষ্ট্রপতি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) ও সিনহুয়া নিউজ এজেন্সির সঙ্গে বেশ কয়েকটি সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করবেন। চীনের পক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী এসব সমঝোতা স্মারকে স্বাক্ষর করবেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে বর্তমানে চীনে অবস্থান করছেন পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমানসহ তিনজন পূর্ণ মন্ত্রী।