২৩ জুন ২০২৬, ১৭:৪০

নবম পে-স্কেল: প্রথম ধাপে শতভাগ বেতন বৃদ্ধি নিয়ে যা বলছে অর্থ মন্ত্রণালয়

জাতীয় পে-স্কেল  © ফাইল ফটো

আগামী ১ জুলাই থেকে নবম পে-স্কেল কার্যকরের ঘোষণা দিয়েছে সরকার। এর ফলে সরকারি চাকরিজীবীদের মনে আনন্দের জোয়ার বইলেও প্রথম ধাপে কতটুকু বেতন বৃদ্ধি পাবে সেটি নিয়ে দুশ্চিন্তা যেন পিছুই ছাড়ছে না। পে-স্কেল নিয়ে গঠিত সচিব কমিটির প্রস্তাবনা অনুযায়ী প্রথম ধাপে মূল বেতনের ৫০ শতাংশ বৃদ্ধির কথা রয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খবর চাউর হয়েছে প্রথম ধাপে শতভাগ বৃদ্ধি পাচ্ছে। যদিও এ বিষয়টি নিশ্চিত করতে পারেনি অর্থ মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত বেসিকের ৫০ শতাংশ বৃদ্ধির কথা রয়েছে। বিকল্প হিসেবে ১ম থেকে ৯ম গ্রেডের ক্ষেত্রে ৪০ শতাংশ এবং ১০ম-২০তম গ্রেডের ক্ষেত্রে ৬০ শতাংশ বৃদ্ধি করা হতে পারে। তবে প্রথম ধাপে বেসিকের শতভাগ বৃদ্ধির বিয়য়ে এখনো কোনো আলোচনা হয়নি বলে জানা গেছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘নবম পে-স্কেলে প্রথম ধাপে বেসিকের কত শতাংশ বৃদ্ধি পাবে সেটি এখনো চূড়ান্ত হয়নি। কয়েকটি বিষয় মাথায় রেখে কাজ করছে সরকার। শতভাগ বেসিক বৃদ্ধির বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি। ফেসবুকে এ তথ্য যারা ছড়িয়েছেন, এ বিষয়ে তারাই ভালো বলতে পারবেন।’

এদিকে নবম জাতীয় পে-স্কেলের নানা বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে সভা ডেকেছে পে-স্কেল নিয়ে গঠিত সচিব কমিটি। এই সভায় চাকরিজীবীদের বেতন বৃদ্ধি, গেজেট প্রকাশ, কয় ধাপে পে-স্কেল বাস্তবায়ন হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে।

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সচিব কমিটির প্রাথমিক প্রস্তাবনা অনুযায়ী তিন ধাপে নবম পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে চিন্তাভাবনা করা হলেও এটি দুই ধাপে করা যায় কিনা সে বিষয়ে আলোচনা করা হবে। কর্মকর্তা-কর্মচারীদের দাবির প্রেক্ষিতে এমন আলোচনা এসেছে। দুই ধাপে পে-স্কেল বাস্তবায়ন হলে আগামী ১ জুলাই থেকে শতভাগ বেসিক বৃদ্ধি পাবে।

সূত্রের তথ্য বলছে, শুধু বেসিকের বিষয়টিই নয়; সচিব কমিটির সভায় পে-কমিশনের সুপারিশের কতটুকু কার্যকর করা হবে অর্থা পে-কমিশন বেতন বৃদ্ধির যে সুপারিশ করেছিল তার কতটুকু বাস্তবায়ন করা হবে সে বিষয়টিও গুরুত্ব দিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি বিভিন্ন ভাতা কত টাকা বৃদ্ধি করা হবে সেটিও আলোচনা করা হবে।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, আগামীকাল বুধবার সচিব কমিটির সভা রয়েছে। সভায় নানা বিষয় নিয়ে আলোচনা হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে সরকারের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা বলেন, ‘আগামী ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর হবে। তবে বেসিকের ৫০ শতাংশ নাকি শতভাগ বৃদ্ধি পাবে সেটি এখনো চূড়ান্ত হয়নি। জুলাই থেকে পে-স্কেল কার্যকর হলেও টাকা পেতে দুই থেকে তিন মাস সময় লাগবে। আগামীকাল সচিব কমিটির সভায় অনেক কিছুই চূড়ান্ত হবে বলেও জানান ওই কর্মকর্তা।’