মহিলা সংস্থার নতুন চেয়ারম্যান আফরোজা আব্বাস
জাতীয় মহিলা সংস্থার নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। আজ মঙ্গলবার (১৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে মিজ আফরোজা আব্বাসকে ‘জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১’ এর ধারা-৮(১) এবং ধারা-৮ (২) অনুযায়ী সংস্থাটির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো।
এতে আরও উল্লেখ করা হয়, যোগদানের তারিখ হতে পরবর্তী ২ বছরের জন্য তিনি চেয়ারম্যান হিসেবে এই দায়িত্ব পালন করবেন। তবে এই মেয়াদের মধ্যে সরকার ইচ্ছে করলে যেকোনো সময় তাঁর এই নিয়োগ বাতিল করতে পারবে। একইভাবে তিনি নিজেও সরকারের উদ্দেশ্যে নিজ স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে যেকোনো সময় পদত্যাগ করতে পারবেন। প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে যে, এই নিয়োগটি সম্পূর্ণ অবৈতনিক (বেতনহীন) হিসেবে গণ্য হবে।
উল্লেখ্য, আফরোজা আব্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য এবং সংসদ সদস্য মির্জা আব্বাসের স্ত্রী। তিনি বর্তমানে বিএনপির সহযোগী সংগঠন ‘জাতীয়তাবাদী মহিলা দলের’ কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।