১৪ জুন ২০২৬, ২০:২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সাক্ষাৎ

মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাকে’র গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা  © সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাকে’র গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। রবিবার সন্ধ্যায় (১৪ জুন) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তারা। এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে নতুন অর্থবছরের (২০২৬-২০২৭) জাতীয় বাজেট অধিবেশন প্রত্যক্ষ করেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাকে’র গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

রবিবার দুপুরে জাতীয় সংসদের বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ গ্যালারিতে সংগঠনটির ২৬ জন সদস্য বাজেট অধিবেশনের কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের আজকের বাজেট অধিবেশনে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে চলতি বাজেট অধিবেশনের বৈঠক চলছে।

প্রসঙ্গত, ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ স্লোগানকে ধারণ করে এবারের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে।