শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখননের উদ্ভোদন করলেন ছেলে তারেক রহমান
কক্সবাজার শহর থেকে ১৫ কিলোমিটার দূরে সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার (১৩ জুন) সকাল ১০টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির সূচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কোদাল দিয়ে মাটি কেটে পুনঃখনন কাজের শুভসূচনা করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধিরা এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ঐতিহাসিক ধারাবাহিকতার প্রতীকী পুনরাবৃত্তি। ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্থান থেকে পাতলী খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন, প্রায় পাঁচ দশক পর একই স্থান থেকেই পুনঃখনন কাজের উদ্বোধন করেন তাঁর পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে তিনি সেখানে একটি গাছের চারাও রোপণ করেন।
স্থানীয় জনগণের পানি নিষ্কাশন ও কৃষিকাজের সুবিধা নিশ্চিত করতে ১৯৭৯ সালের নভেম্বর মাসে জিয়াউর রহমান নিজ উদ্যোগে পাতলী খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। সে সময় তিনি খালের পাড়ে একটি খেজুর গাছ রোপণ করেন, যা দীর্ঘ সময় পরও এলাকার মানুষের কাছে ঐতিহাসিক স্মৃতিচিহ্ন হিসেবে টিকে রয়েছে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম কক্সবাজার সফর। শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতারা তাকে স্বাগত জানান।
পুনঃখনন প্রকল্পের মাধ্যমে খালটির নাব্যতা বৃদ্ধি, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং কৃষি ও জলাবদ্ধতা নিরসনে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।