১২ জুন ২০২৬, ১৪:১৬

নয় যুগ্ম সচিবকে বদলি করল সরকার

বাংলাদেশ সরকার লোগো  © টিডিসি সম্পাদিত

সরকারি প্রশাসনে গতিশীলতা আনয়নের লক্ষ্যে বিসিএস (প্রশাসন) ক্যাডারের যুগ্মসচিব পদমর্যাদার ৯ জন কর্মকর্তাকে বদলি প্রেষণে নিয়োগ এবং নতুন কর্মস্থলে পদায়ন করেছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী ৯ জন যুগ্মসচিবকে প্রেষণে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এর মধ্যে রয়েছেন বাংলাদেশ পাটকল কর্পোরেশনের পরিচালক এরশাদ হোসেন খান। তাকে বদলিপূর্বক প্রেষণে ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তার চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এছাড়াও মো. জহিরুল ইসলাম খান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিবকে বদলিপূর্বক প্রেষণে সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তার চাকরি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ডি এম আতিকুর রহমান নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিবকে বদলিপূর্বক প্রেষণে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তার চাকরি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

বেগম শাহানা আখতার জাহান রাজশাহী বিভাগের কৃষি বিপণন কার্যালয়ের উপপরিচালককে বদলিপূর্বক প্রেষণে রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তার চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে। সৈয়দ ফরহাদ হোসেন পরিবেশ অধিদপ্তরের পরিচালককে বদলিপূর্বক প্রেষণে ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তার চাকরি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

আরও পড়ুন: নতুন পে স্কেলে বেতন বাড়বে দ্বিগুণ থেকে আড়াইগুণ, অনুপাত ১:৯

মো. অলিউর রহমানকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত যুগ্মসচিবকে বদলিপূর্বক প্রেষণে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে একই সাথে তার চাকরি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এ ছাড়া প্রেষণে দায়িত্ব পালন শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদানকৃত যুগ্মসচিব মো. আবুল হোসেনকে প্রেষণে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি (নাডা)-এর এমডিএস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তার চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এ আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

অন্যদিকে ২ জন কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত ও নতুন পদে পদায়ন করা হয়েছে। এর মধ্যে এস এম তুহিনুর আলম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (যুগ্মসচিব) হিসেবে কর্মরত কর্মকর্তাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। মো. সাবেক আলী জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক (যুগ্মসচিব) হিসেবে কর্মরত কর্মকর্তাকে বদলিপূর্বক জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রশাসনিক কাজের গতি বৃদ্ধি এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে।