‘স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি যদি দমন না করেন, জাতি আপনাকে দমন করতে প্রস্তুত হচ্ছে’
কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও মহানগর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যদি দমন না করেন, তবে জাতি যেকোনো সময় রাস্তায় নেমে প্রতিক্রিয়া দেখাতে প্রস্তুত হচ্ছে। আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘দালাল চক্রের কঠোর দমন প্রয়োজন। স্বরাষ্ট্রমন্ত্রী, দমন যেখানে আপনি সেখানে। আপনি যদি দমন না করেন, জাতি প্রস্তুত হচ্ছে আপনাকে যেকোনো দিন দমন করার জন্য বেরিয়ে আসবে।’
তিনি আরও বলেন, ‘মাননীয় স্পিকার, আমি যখন দাঁড়াই তখন আপনি চেয়ারে থাকেন। আমার কিছু সীমাবদ্ধতা আছে, তাই আপনার সঙ্গে বিতর্কে যেতে পারি না। আমাকে যখন সময় দেবেন, তখনই কিছু কথা বলব। যাই হোক, ছয় মিনিট সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমার সব কথাই লিখিতভাবে মন্ত্রীর কাছে দিয়ে দেবো।’
সংসদ সদস্য আরও বলেন, ‘শ্রমিকদের বিদেশি বাজার রক্ষা করার কোনো বিকল্প নেই। এজন্য জোরদার কূটনৈতিক তৎপরতা প্রয়োজন। ফরেন সার্ভিস এবং ডিপ্লোম্যাটদের এ বিষয়ে আরও সক্রিয় হতে হবে। তাদের সংসদে এনে জবাবদিহির আওতায় আনা উচিত।’
তিনি অভিযোগ করে বলেন, ‘শ্রম মন্ত্রণালয় যাদের দায়িত্বে থাকবে, তাদের ডেকে জিজ্ঞেস করা উচিত শ্রমিকরা কেন নির্যাতনের শিকার হচ্ছে, পাসপোর্ট নিয়ে কেন সমস্যা হচ্ছে।’ পুনরায় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘দালাল চক্রের কঠোর দমন প্রয়োজন। আপনি যদি দমন না করেন, জাতি যেকোনো সময় এর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে পারে।’
তিনি আরও বলেন, দেশের সম্মান, ২৪-এর ইজ্জত, মুক্তিযুদ্ধের ইজ্জত, বিদেশে কর্মরত শ্রমিকদের মর্যাদা রক্ষায় অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। যারা শ্রমিকদের উপর নির্যাতন করে, ম্যানপাওয়ার ব্যবসা ও বিদেশি দালাল চক্রের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং শ্রমিকদের মুক্তি দিতে হবে।