আদ-দ্বীনের ৫ পৃষ্ঠার জবাবে সন্তুষ্ট নয় সরকার, দ্রুত ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের (শোকজ) জবাবে সরকার সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, হাসপাতালটির বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। বুধবার (১০ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ্-দ্বীন হাসপাতালের পাঠানো জবাব তিনি পর্যালোচনা করেছেন। তবে প্রয়োজনীয় তথ্যের তুলনায় সেখানে অপ্রাসঙ্গিক বিষয় বেশি রয়েছে, যা সরকারের কাছে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, ‘আদ্-দ্বীন হাসপাতালের জবাব পড়েছি। প্রয়োজনীয় তথ্যের বাইরে অনেক গল্প-কাহিনী লেখা হয়েছে, যা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।’
মন্ত্রী আরও বলেন, ‘আজকের বৈঠকের পর এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত আসবে। আদ্-দ্বীন হাসপাতালের জবাবে আমি সন্তুষ্ট নই।’
হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যা প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা চার থেকে পাঁচ পৃষ্ঠার জবাব দিয়েছে। কিন্তু সেটি অনেকটাই অস্পষ্ট। প্রয়োজনীয় তথ্য না দিয়ে অপ্রয়োজনীয় কথাবার্তাই বেশি লেখা হয়েছে।’ বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে জানিয়ে তিনি বলেন, সরকারের চূড়ান্ত অবস্থান বৈঠকের সিদ্ধান্তের পর জানানো হবে।
আরও পড়ুন: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোন কলেজে কত আসন, বেশি কোন প্রতিষ্ঠানে
উল্লেখ্য, গত ২৭ মে ভোরে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে তিন ঘণ্টার ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদনে হাসপাতালের ব্যবস্থাপনা, পরিবেশগত অব্যবস্থাপনা এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও নার্সদের গাফিলতির একাধিক বিষয় উঠে আসে।
এর পরিপ্রেক্ষিতে গত ৪ জুন স্বাস্থ্যসেবা অধিদপ্তর আদ্-দ্বীন হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ দেয়। অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের স্বাক্ষরিত ওই নোটিশের জবাব হাসপাতাল কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার (৯ জুন) জমা দেয়।