১০ জুন ২০২৬, ০৭:৩৪

দুই সচিবসহ সরকারের ৮ গুরুত্বপূর্ণ দপ্তরের শীর্ষ পদে রদবদল

বাংলাদেশ সরকার লোগো  © টিডিসি সম্পাদিত

প্রশাসন ও সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ সাতটি শীর্ষ পদে রদবদল করেছে সরকার। মঙ্গলবার (৯ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে দুই সচিব, দুই অতিরিক্ত সচিব, নৌবাহিনীর দুই কমডোর এবং একজন উপসচিব পর্যায়ের কর্মকর্তাসহ কয়েকজন পদস্থ কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। 

প্রজ্ঞাপন অনুযায়ী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক সচিব আব্দুন নাসের খানকে বদলি করে শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। 

অতিরিক্ত সচিব পর্যায়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গ্রেড-১) মো. ইয়াসীনকে বদলিপূর্বক কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক (অতিরিক্ত সচিব) মীর আহম্মেদ তারিকুল ওমরকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।

এছাড়াও বাংলাদেশ নৌবাহিনীর দুই জ্যেষ্ঠ কর্মকর্তার দায়িত্বেও পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অফিস অব দি ইভ্যালুয়েশন ফ্যাকাল্টি অ্যান্ড কারিকুলাম ডেভেলপমেন্টের ডিন কমডোর মোহাম্মদ গোলাম হোসেনকে প্রেষণ পদ থেকে প্রত্যাহার করে পুনরায় বাংলাদেশ নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

আরও পড়ুন: বিদেশি শিক্ষার্থী কমছে, বাড়ছে বিদেশগামী ছাত্রছাত্রী

অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীর কমডোর মোহাম্মদ ওয়াসিম মকসুদকে প্রেষণে বিইউপির অফিস অব দি ইভ্যালুয়েশন ফ্যাকাল্টি অ্যান্ড কারিকুলাম ডেভেলপমেন্টের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার চাকরি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়েও নতুন নিয়োগ দেওয়া হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ করার জন্য ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালনা সক্ষমতা শক্তিশালীকরণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (উপসচিব) মোহাম্মদ ওবায়দুর রহমানকে বদলি করে মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর একান্ত সচিব (উপসচিব) হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগেও একটি গুরুত্বপূর্ণ পদায়ন করা হয়েছে। পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক এবং জামালপুরে বদলির আদেশাধীন কর্মকর্তা সুমন চন্দ্র দাশকে সিলেট সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। তার চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এসব বদলি ও পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর হবে।