এবার রাসিক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন নাকচ করলেন প্রধানমন্ত্রী
সড়কবাতি বা স্ট্রিট লাইটিংয়ের নতুন বিদ্যুৎ-সাশ্রয়ী প্রযুক্তির ওপর অভিজ্ঞতা অর্জনের জন্য ফ্রান্স যাওয়ার আবেদন করেছিলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান (রিটন)। তবে তার এই বিদেশ ভ্রমণের প্রস্তাবটি সরাসরি নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে রাজশাহী সিটি করপোরেশনের বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ বি এম আসাদুজ্জামান সুইটের প্রস্তাবটি অনুমোদন করেছেন সরকারপ্রধান।
আজ সোমবার (৮ জুন) স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো এক সারসংক্ষেপের ওপর মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় ও প্রেস উইং সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, সিগনিফাই বাংলাদেশ লিমিটেডের আমন্ত্রণে ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন সেন্টার (ওএলএসি) পরিদর্শনের উদ্দেশ্যে এই দুই কর্মকর্তার বিদেশ সফরের আবেদন জমা পড়েছিল। এই প্রস্তাবের নথিতে মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘এ বিষয়ে কোনো প্রকৌশলী জ্ঞান আহরণ করলে তা রাজশাহী সিটি করপোরেশনের কাজে লাগবে। রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক প্রকৌশলী নন, বিধায় তার যাওয়া কোনো গুরুত্ব বহন করে না। এ সফরে শুধু প্রস্তাবিত নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) প্রয়োজনে যেতে পারেন।’
একই সঙ্গে প্রধানমন্ত্রী ভবিষ্যতে এ ধরনের উদ্ভাবনী কাজের ক্ষেত্রে বুয়েট ও দেশের অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহযোগিতা নেওয়ার পরামর্শ দিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, প্রধানমন্ত্রী মূলত রাষ্ট্রীয় যেকোনো উন্নয়নমূলক কাজে সংশ্লিষ্ট প্রকৃত বিশেষজ্ঞদের যুক্ত করার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। যে কাজের সঙ্গে যাদের সরাসরি প্রাতিষ্ঠানিক বা পেশাগত কোনো সম্পর্ক নেই, তাদের বিদেশ ভ্রমণে পাঠিয়ে দেশের রাষ্ট্রীয় অর্থের অপচয় করার তীব্র বিরোধী তিনি।
এর আগেও মশা নিয়ন্ত্রণব্যবস্থা সরাসরি পর্যবেক্ষণের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও অন্য কর্মকর্তাদের একটি যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাব একইভাবে নাকচ করে দিয়ে প্রধানমন্ত্রী মন্তব্য করেছিলেন, মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, দেশের কোনো ডোবার পাশে দাঁড়ালেই উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব।