২০২৭ সালের হজের রোডম্যাপ ঘোষণা করল সরকার
২০২৭ সালের (হিজরি ১৪৪৮) পবিত্র হজের জন্য আনুষ্ঠানিক রোডম্যাপ প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। ঘোষিত এই রোডম্যাপ অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০২৭ সালের ১৫ মে (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। তবে হজযাত্রীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো, তাদের নিবন্ধন কার্যক্রম চলতি ২০২৬ সালের ২৬ সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই সম্পন্ন করতে হবে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৭ সালের হজ কার্যক্রমের চূড়ান্ত সময়সূচি ঘোষণা করে দেশটির হজ ও উমরাহ মন্ত্রণালয়। অনুষ্ঠানে সৌদি সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) হাতে আনুষ্ঠানিকভাবে এই হজের রোডম্যাপ তুলে দেন।
প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ৮ নভেম্বর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষরিত হবে। এছাড়া ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু এবং ৮ এপ্রিল থেকে হজের প্রথম ফ্লাইট পরিচালনা শুরু হবে।
রোডম্যাপে আরও বলা হয়েছে, সৌদি প্রান্তের খরচের অর্থ নুসুক মাসার প্ল্যাটফর্মের ই-ওয়ালেটে সরাসরি স্থানান্তরের কার্যক্রম চলবে চলতি বছরের ১৫ জুলাই থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত। পাশাপাশি মক্কা-মদিনার হোটেল, তাবু, পরিবহন ও ক্যাটরিং সেবাসহ সামগ্রিক প্যাকেজ চুক্তি সম্পন্ন করতে হবে ২০২৬ সালের ২৯ জুলাই থেকে ২০২৭ সালের ২৩ জানুয়ারির মধ্যে। হজযাত্রীদের সব তথ্য নুসুক মাসার সিস্টেমে আপলোড করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৪ আগস্ট থেকে ২৮ জানুয়ারি ২০২৭ পর্যন্ত।
হজের মতো বিশাল এই কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ঘোষিত রোডম্যাপের নির্ধারিত ডেডলাইনের মধ্যে সব কার্যক্রম শেষ করার জন্য সংশ্লিষ্ট সকল এজেন্সি ও হজযাত্রীদের বিশেষ অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।