০৭ জুন ২০২৬, ১৬:১২

ঘাটতি জনিত নয়, ঝড়-বৃষ্টির কারণে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ  © সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, দেশে বিদ্যুৎ উৎপাদন ঘাটতির কারণে লোডশেডিং করার প্রয়োজন হয় না; বরং ঝড়-বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ কিংবা সঞ্চালন ও বিতরণ লাইনের রক্ষণাবেক্ষণের কারণে কোথাও কোথাও সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটে।

রোববার (০৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের (বাজেট অধিবেশন) প্রথম দিনে যশোর-৪ আসনের সংসদ সদস্য মো. গোলাম রসুলের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিদ্যুৎমন্ত্রী বলেন, চলমান গ্রীষ্ম মৌসুমে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে সরকার পূর্ব পরিকল্পনা অনুযায়ী চাহিদা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। ২০২৬ সালের বিদ্যুৎ চাহিদার বিপরীতে উৎপাদন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সে অনুযায়ী গ্যাস, কয়লা ও তরল জ্বালানির সরবরাহ নিশ্চিত করতে সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, গ্যাসভিত্তিক, কয়লাভিত্তিক ও তরল জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করতে নির্ধারিত রক্ষণাবেক্ষণ যথাযথ পরিকল্পনার মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। ফলে বিদ্যুৎকেন্দ্রগুলো উৎপাদনের জন্য প্রস্তুত রয়েছে।

ইকবাল হাসান মাহমুদ বলেন, বিদ্যুৎ উৎপাদন ঘাটতির কারণে লোডশেডিং করার প্রয়োজন হয় না। তবে বিদ্যুৎকেন্দ্রের জরুরি রক্ষণাবেক্ষণ, ঝড়-বৃষ্টি বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ এবং সঞ্চালন ও বিতরণ লাইনের নির্ধারিত বা অনির্ধারিত রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে কখনো কখনো সাময়িক বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।

যশোরের নওয়াপাড়া শিল্পাঞ্চল ও খুলনা বিভাগের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলোর বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী বলেন, বর্তমানে এসব এলাকায় কোনো লোডশেডিং নেই। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতাধীন অভয়নগর উপজেলায় নওয়াপাড়া গ্রিডের বর্তমান বিদ্যুৎ চাহিদা ৪৬ মেগাওয়াট এবং একই পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

তিনি বলেন, গ্রিড থেকে প্রাপ্ত বিদ্যুৎ সুষমভাবে বণ্টনের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। চলতি সেচ মৌসুমে, অর্থাৎ ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত, নওয়াপাড়া উপজেলায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে।

তবে মৌসুমি ঝড়-বৃষ্টির কারণে কিছু এলাকায় মাঝে মাঝে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে উল্লেখ করে মন্ত্রী বলেন, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে সমস্যা সমাধান করে বিদ্যুৎ সরবরাহ পুনরায় সচল করা হয়।