০৭ জুন ২০২৬, ১১:৫৫

শুধু জ্ঞান অর্জন নয়, ধর্মীয়-সামাজিক নৈতিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান  © টিডিসি ফটো

দেশের তরুণ সমাজকে প্রযুক্তিগত জ্ঞানের পাশাপাশি ধর্মীয়, সামাজিক ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৭ জুন) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২ হাজার শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, শুধু একাডেমিক জ্ঞান নয়, মানবিক ও নৈতিক শিক্ষাও একজন শিক্ষার্থীকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলে। শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তিনির্ভরতা, দক্ষতা ও আধুনিকায়নের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা, সামাজিক অন্তর্ভুক্তি ও পরিবেশ সংরক্ষণে গুরুত্ব দিতে হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, উচ্চশিক্ষা শেষ করেও অনেক শিক্ষার্থী বেকার থাকছে, যার মূল কারণ ব্যবহারিক ও প্রযুক্তিগত দক্ষতার ঘাটতি। এ সমস্যা সমাধানে সরকার ইন্টার্নশিপ, অ্যাপ্রেন্টিসশিপ এবং ইন্ডাস্ট্রি–একাডেমিয়া সহযোগিতা জোরদারের উদ্যোগ নিয়েছে।

প্রধানমন্ত্রী আরও জানান, বিভাগীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয় ও স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সংযোগ স্থাপন করে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কর্মদক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা হচ্ছে। পাশাপাশি ক্যাম্পাসভিত্তিক উদ্যোক্তা তৈরিতে ইনোভেশন গ্রান্ট ও ফান্ডিংয়ের ব্যবস্থাও নেওয়া হচ্ছে। তরুণদের সৃজনশীলতা ও উদ্যোক্তা মনোভাব কাজে লাগাতে পারলে তারা শুধু নিজেদের নয়, অন্যদেরও কর্মসংস্থান তৈরি করতে পারবে।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীদের কাছে তারা শুধু শিক্ষক নন, বরং সমাজ পরিবর্তনের রোল মডেল ও পথপ্রদর্শক। শিক্ষা ও মেধাভিত্তিক সমাজ গড়তে সরকার, বিশ্ববিদ্যালয়, শিক্ষক, শিক্ষার্থী ও বেসরকারি খাতকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে। লক্ষ্য হলো এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যা শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ তৈরি করবে এবং বাংলাদেশকে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ দেশে পরিণত করবে।