লক্ষ জিয়ার দরকার নেই, একজন প্রকৃত জিয়াই যথেষ্ট: ডেপুটি স্পিকার
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, আমরা বক্তৃতায় বলি এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে। আমাদের লক্ষ জিয়ার দরকার নেই। সমাজে বা একটা গ্রামে যদি একেকজন প্রকৃত জিয়া থাকে, তাহলেই কিন্তু যথেষ্ট।
শনিবার (৩০ মে) দুপুরে নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের অ্যাডভান্স মডেল স্কুল প্রাঙ্গণে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুর্গাপুর পৌর ও উপজেলা বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে।
ডেপুটি স্পিকার নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা বক্তৃতায় নয় কাজে, কর্মের মাধ্যমে একেকজন শহীদ জিয়া হই। আমরা প্রকৃত জিয়া প্রেমী হই। প্রকৃত অর্থে জিয়াকে আমরা ধারণ করি, লালন করি; তাহলেই তার আত্মা শান্তি পাবে এবং তার যে আদর্শ আছে, সে আদর্শটা চির অম্লান থাকবে।’
দলের ভেতর সুবিধাবাদী ও ভাসমান রাজনীতি প্রসঙ্গে ব্যারিস্টার কায়সার কামাল ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দুঃখজনকভাবে অনেকেই ‘তালে’ বিএনপি করি। অনেকেই ‘হুজুগে’ বিএনপি করি। অনেকেই সরকারি দলের বিএনপি করি। এই কথাগুলো বলার উদ্দেশ্যটা হচ্ছে আমরা যারা বিএনপি করি, বিএনপির প্রতিষ্ঠাতা যিনি, তাঁর সম্পর্কে আমাদের অনেক কিছু জানার আছে, শেখার আছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা অনেকেই সেদিকে কম যাই।’
শহীদ জিয়ার নেতৃত্বের গুণাবলী তুলে ধরে তিনি আরও বলেন, ‘যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জানতে ও শিখতে চান, মনে রাখবেন তিনি শুধু একজন সমরবিদ, সফল রাষ্ট্রনায়ক বা সফল রাজনীতিবিদ ছিলেন না; তিনি ছিলেন প্রকৃত অর্থে একজন মানুষের মতো মানুষ। শহীদ জিয়া হ্যাপেন টু বি লিডার নন, অর্থাৎ হঠাৎ করে উনি নেতা হননি। তিনি তাঁর কর্মদক্ষতা আর সততার মাধ্যমে প্রমাণ করেছেন প্রকৃত নেতৃত্ব কাকে বলে।’
রাজনীতিকদের জন্য শহীদ জিয়ার জীবন এক বড় পাঠশালা উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, ‘আমরা যারা পাবলিকলি ইনভলভড থাকি, অর্থাৎ রাজনীতি বা মানবসেবার জন্য কাজ করি, আমাদের কাছে কিন্তু শহীদ জিয়া একজন আদর্শ ব্যক্তিত্ব। আমি শুধু বিএনপি করি সেজন্য না, একজন মানুষ হিসেবে তিনি আদর্শ। তাঁর সততা, দেশপ্রেম, মানুষের প্রতি মমত্ববোধ, দেশের প্রতি দায়িত্ববোধ ও ধর্মপরায়ণতা—সবকিছু মিলিয়ে একজন পরিপূর্ণ মানুষ ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।’
দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, পৌর বিএনপির সভাপতি ফরিদা আহমেদ, সাধারণ সম্পাদক হারেস গনিসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও দুর্গাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।