২৫ মে ২০২৬, ১৭:৪২

শিক্ষাক্রম উন্নয়ন হচ্ছে শ্রমবাজারের চাহিদা অনুযায়ী

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন  © সংগৃহীত

শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক ও যুগোপযোগী কারিকুলাম উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিচ্ছে সরকার। সঙ্গে প্রাধান্য দেয়া হচ্ছে নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধ গঠনের ব্যবহারিক বিষয়ে, যার ভিত্তি আনন্দময় শিক্ষা ব্যবস্থা ও আধুনিক প্রযুক্তি।

সোমবার (২৫ মে) বিকেলে সরকারের ‘১০০ দিন পূর্তি’ উপলক্ষে প্রেস কনফারেন্সে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেন, শিক্ষা ও প্রযুক্তি খাতে আধুনিকায়নের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে, যার মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফ্রি ওয়াই-ফাই ও স্মার্ট ক্লাসরুম সম্প্রসারণ। 

পাশাপাশি শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল চালু এবং ভর্তি ব্যবস্থায় স্বচ্ছতা আনার লক্ষ্যে নীতিগত সংস্কার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে কারিগরি শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণ ও আধুনিকায়নের মাধ্যমে কর্মমুখী দক্ষতা উন্নয়নকে জোরদার করা হচ্ছে, শিল্প ও একাডেমিয়ার মধ্যে কার্যকর লিংকেজ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।