২৫ মে ২০২৬, ১৬:৩১

১০০ দিনে সরকারের অর্জন তুলে ধরলেন মাহ্দী আমিন, জানালেন ভবিষ্যৎ পরিকল্পনা

১০০ দিনে সরকারের অর্জন তুলে ধরলেন মাহ্দী আমিন  © সৌজন্যে প্রাপ্ত

১২ ফেব্রুয়ারির অবাধ ও সুষ্ঠু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নতুন সরকারের প্রথম ১০০ দিন পূর্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বিশেষ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ মে) আয়োজিত এই সংবাদ সম্মেলনে সরকারের প্রথম ১০০ দিনের অর্জন, দৃশ্যমান অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।

লিখিত বক্তব্যে তিনি জানান, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ গ্রহণের পর থেকেই প্রতিটি মন্ত্রণালয়ে ১৮০ দিনের খাতনির্ভর কর্মপরিকল্পনা প্রণয়ন করে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে এক অভূতপূর্ব কর্মযজ্ঞ শুরু হয়েছে। বিগত ১৬ বছরের ত্যাগ-সংগ্রাম এবং রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের আকাক্সক্ষাকে ধারণ করে লুণ্ঠিত রাষ্ট্রীয় মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে।

মন্ত্রিসভার অনন্য রেকর্ড: ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশই বাস্তবায়িত

সরকার গঠনের পর ১৭ ফেব্রুয়ারি থেকে ২৪ মে পর্যন্ত স্বল্প সময়ে মোট ১০টি ক্যাবিনেট সভা সম্পন্ন হয়েছে। এসব সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত ৬০টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে ৩৭টি (প্রায় ৬২ শতাংশ) ইতোমধ্যে সম্পূর্ণ বাস্তবায়িত হয়েছে এবং অবশিষ্ট ২৩টি সিদ্ধান্ত বর্তমানে বাস্তবায়ন প্রক্রিয়ায় রয়েছে, যা সরকারের গতিশীলতা ও আন্তরিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

মুখপাত্র জানান, প্রথম ক্যাবিনেট বৈঠকেই ক্ষুদ্র কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। এছাড়া ‘কৃষক কার্ড’ ও ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে যথাক্রমে কৃষি ও নারীকেন্দ্রিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে ডিজিটাল কাঠামোর আওতায় আনা হয়েছে। জনদুর্ভোগ লাঘবে প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের জন্য সম্মানী প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। নিম্নআয়ের ৫৫ লাখ পরিবারকে প্রতি মাসে ১৫ টাকা কেজিতে ৩০ কেজি করে চাল সরবরাহ অব্যাহত রাখা হয়েছে।

শহীদ জিয়ার ঐতিহাসিক ‘খাল খনন কর্মসূচি’র পুনরুজ্জীবন

গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে এবং সেচ ও পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনতে দেশজুড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ‘খাল খনন কর্মসূচি’ পুনরুজ্জীবিত করা হয়েছে। এটি জলাধার সৃষ্টি, মৎস্য ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করবে। এছাড়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবেশ ও কৃষি সুরক্ষায় ‘পদ্মা ব্যারেজ প্রকল্প’ বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছে।

পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ পুনর্বহাল ও এস আলমের সম্পদ জব্দ

জাতীয় স্বার্থ, ইসলামী মূল্যবোধ ও জনগণের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশি পাসপোর্টে ক্ষমতাচ্যুত সরকারের আমলে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধটি পুনরায় যুক্ত করার ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর বার্তা দিতে বহুল আলোচিত এস আলম গ্রুপের ৪ হাজার ২৬৪ কোটি টাকার স্থাবর সম্পদ সফলভাবে জব্দ করা হয়েছে। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার উচ্চাভিলাষী লক্ষ্য নিয়ে ব্যাংকিং ও অর্থনৈতিক খাতের সংস্কার চলছে।

রেমিট্যান্সে রেকর্ড ও ৬০ হাজার কোটির বিশেষ তহবিল

গণতান্ত্রিক সরকারের প্রতি প্রবাসীদের আস্থার প্রতিফলনে গত মাসে দেশে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। প্রবাসীদের রাষ্ট্রীয় সেবার আওতায় আনতে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া বন্ধ কলকারখানা চালু ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা করা হয়েছে। ২ লাখ ফ্রিল্যান্সারকে দেওয়া হচ্ছে রাষ্ট্রীয় পরিচয়পত্র। মা-বোনদের সুবিধার্থে বিশেষ ভর্তুকিসহ ‘এলপিজি কার্ড’ চালুর যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে।

আইনের শাসন: ২৯ কার্যদিবসে ধর্ষণ মামলার রায় ও তনু হত্যা মামলার আসামি গ্রেফতার

বিগত আমলের বিচারহীনতার সংস্কৃতি ভেঙে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বড় ধরনের অগ্রগতি হয়েছে। মেহেরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণের মামলায় মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে আসামির মৃত্যুদ-ের রায় ঘোষণা দেশের বিচারব্যবস্থায় এক বিরল নজির।

এছাড়া দীর্ঘ এক দশক পর দেশ কাঁপানো তনু হত্যা মামলার প্রথম আসামিকে গ্রেফতার ও রিমান্ডে নেওয়া হয়েছে এবং শরিফ ওসমান হাদী হত্যা মামলার আসামিকে ভারতে শনাক্ত করে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। শিশু রামিসা হত্যাকা-ের দ্রুততম সময়ে চার্জশিট দাখিল করা হয়েছে।

ঈদযাত্রা ও জনকল্যাণে বিশেষ পদক্ষেপ

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের জন্য বিশেষ ট্রেন ও নৌ-সার্ভিস চালু করা হয়েছে। ট্রেনে নারীদের জন্য রাখা হয়েছে আলাদা কম্পার্টমেন্ট। কোরবানির পশুর বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণ, চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং গবাদিপশু চোরাচালান রোধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া সরকারের বিশেষ উদ্যোগে এবার সাধারণ হজযাত্রীদের বিমানভাড়া ব্যাপকভাবে কমানো সম্ভব হয়েছে। শ্রমিকদের ঈদ বোনাস ও বেতন পরিশোধে মালিক-শ্রমিক পক্ষগুলোর সাথে সমন্বয় করে নগদ অর্থছাড়ের ব্যবস্থা করা হয়েছে।

শিক্ষা, প্রযুক্তি ও যুব উন্নয়ন

শিক্ষা খাতে অনার্স পর্যায় পর্যন্ত মেয়েদের শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে। আগামী জুলাই মাস থেকে দেশের প্রতিটি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, জুতা ও পাটের স্কুলব্যাগ বিতরণ কার্যক্রম শুরু হবে। বিমানবন্দর ও ট্রেনে হাই-স্পিড ফ্রি ওয়াই-ফাই চালু এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্মার্ট ক্লাসরুম সম্প্রসারণ করা হচ্ছে।

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আগামী মাস থেকে চালু হচ্ছে ‘স্টার্ট-আপ ফান্ড’। এছাড়া বেকারত্ব দূরীকরণে প্রতিটি জেলায় ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালুর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ক্রীড়াবিদদের সম্মানার্থে চালু হয়েছে ‘ক্রীড়া কার্ড’ এবং ৬৪ জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

সংসদীয় ইতিহাসে নতুন মাইলফলক

ত্রয়োদশ সংসদের সদ্য সমাপ্ত প্রথম অধিবেশনটি ছিল ২৫ কার্যদিবসের এক প্রাণবন্ত ও কার্যকর অধিবেশন। যেখানে রেকর্ডসংখ্যক ৯৪টি বিল পাস হয়েছে এবং দ্রুততম সময়ে সংসদীয় স্থায়ী কমিটিগুলো গঠিত হয়েছে। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা নিজেই সংসদে সাধারণ আসনের তৃতীয় সারিতে বসে সংসদীয় রীতিনীতির প্রতি বিরল সম্মান প্রদর্শন করেছেন।

এছাড়া ছাত্র-জনতার আন্দোলনের বীরদের আইনি সুরক্ষায় সংসদে ঐতিহাসিক ‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইন’ পাস করা হয়েছে এবং শতাধিক আহত যোদ্ধাকে রাশিয়া ও সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সংসদের দর্শনার্থী গ্যালারিগুলো সাত বীরশ্রেষ্ঠের নামে এবং মূল প্রবেশপথটি জেনারেল এম এ জি ওসমানীর নামে উৎসর্গ করা হয়েছে।

 মেগা সিটি পরিকল্পনা ও পরিবেশ সংরক্ষণ

রাজধানীকে বাসযোগ্য করতে ‘গ্রিন অ্যান্ড ক্লিন ঢাকা’ মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনায় দেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (অও) প্রযুক্তির ব্যবহার এবং ঢাকার বায়ুদূষণ রোধে ২৫০টি পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মেট্রোরেলের নিচের অংশকে সবুজায়ন করা হচ্ছে এবং আজ থেকেই প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মেট্রোরেল ও ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড় কার্যকর করা হয়েছে। দেশজুড়ে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আকাশ ও সমুদ্রসীমায় অতন্দ্র প্রহরী ‘গ্রাউন্ড মাস্টার-৪০০’

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন অবস্থানের কথা উল্লেখ করে মুখপাত্র জানান, অত্যাধুনিক ‘গ্রাউন্ড মাস্টার-৪০০’ রাডার এখন ঢাকা থেকে ৬৫০ কিলোমিটার এবং বঙ্গোপসাগরে ৮৩৩ কিলোমিটার পর্যন্ত আকাশসীমা দিনরাত নজরদারিতে রাখছে। এর ফলে গভীর সমুদ্রসীমার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইটের ‘ফ্লাইং ওভার চার্জ’ থেকে বিপুল রাজস্ব আয়ের সুযোগ তৈরি হয়েছে। সীমান্তে বিজিবির শক্ত অবস্থান ‘সবার আগে বাংলাদেশ’ নীতিরই বাস্তব প্রতিফলন।

সংবাদ সম্মেলনের শেষভাগে মুখপাত্র মাহ্দী আমিন বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রটোকল ভেঙে জনগণের দুয়ারে পৌঁছে যাচ্ছেন, যা মানবিক ও জনমুখী রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত। তিনি প্রধানমন্ত্রীর একটি অন্যতম উদ্বৃতি পুনর্ব্যক্ত করে প্রতিবেদনটি শেষ করেন- 

“করবো কাজ, গড়বো দেশ। সবার আগে বাংলাদেশ।”