২৫ মে ২০২৬, ১৪:০৩

ঈদযাত্রায় নারী যাত্রীদের জন্য ট্রেনে যুক্ত হলো বিশেষ কোচ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনে নারী যাত্রীদের জন্য বিশেষ কোচ সংযোজন করা হয়েছে  © সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনে নারী যাত্রীদের জন্য যুক্ত করা হয়ছে বিশেষ কোচ। সোমবার (২৫ মে) ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) থেকে ছেড়ে যাওয়া জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে যুক্ত বিশেষ কোচের নারী যাত্রীদের বিদায় জানানোর মাধ্যমে এ সেবার উদ্বোধন করেন রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) মো. নাজমুল হাসান, মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল) সুবক্তগীন, বিভাগীয়  রেলওয়ে ম্যানেজারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা যাত্রীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাঁদেরকে ঈদের শুভেচ্ছা জানান। রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নিজেদের জন্য আলাদা কোচ পেয়ে নারী যাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন এবং এই বিশেষ উদ্যোগের জন্য সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৭) আজ ঢাকায় পৌঁছালে সংযুক্ত বিশেষ কোচের নারী যাত্রীদের স্বাগত জানাবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।

আরও পড়ুন: টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

উল্লেখ্য, সরকারের বিশেষ নির্দেশনায় ঢাকা-সিলেট-ঢাকা রুটে চলাচলকারী জয়ন্তিকা এক্সপ্রেস এবং ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে ননস্টপ চলাচলকারী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে নারী যাত্রীদের জন্য বিশেষ কোচ সংযুক্তকরনের এই সার্ভিস চালু করা হয়। সোমবার (২৫ মে) থেকে ঈদের আগের তিন দিন, অর্থাৎ আগামী বুধবার (২৭ মে) পর্যন্ত এ সেবা অব্যাহত থাকবে।