প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুমকে ‘গভর্নেন্স ইনোভেশন ইউনিট স্ট্র্যাটেজির’ প্রতিনিধি মনোনয়ন
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক বিশেষ সহকারী (সচিব পদমর্যাদা) ড. মো. সাইমুম পারভেজকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের স্ট্র্যাটেজি কমিটিতে প্রতিনিধি মনোনয়ন করা হয়েছে।
রবিবার (২৪ মে) এক প্রজ্ঞাপনে এক জানানো হয়, উদ্ভাবনী কর্মপদ্ধতির মাধ্যমে জনসেবার মান উন্নয়ন ও প্রশাসন ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে ২০১২ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) প্রতিষ্ঠা করা হয়।
জিআইইউকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি স্টিয়ারিং কমিটি এবং নীতিগত পরামর্শ ও কৌশলগত সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টার সভাপতিত্বে একটি স্ট্র্যাটেজি কমিটি রয়েছে।
ওই স্ট্র্যাটেজি কমিটিতে প্রধানমন্ত্রী পলিসি/প্রযুক্তি/উদ্ভাবন বিশেষজ্ঞ হিসেবে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক বিশেষ সহকারী (সচিব পদমর্যাদা) ড. মো. সাইমুম পারভেজকে সদয় মনোনয়ন প্রদান করেছেন।