জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার ঈদের নামাজ আদায় করবেন বলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেছেন।
শায়রুল কবির বলেন, চেয়ারম্যান ছাড়াও বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান, সমাজ কল্যাণ ও মহিলা শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, জাতীয় সংসদের চীফ হুইপ নুরুল ইসলাম মনি ঢাকায় ঈদের নামাজ আদায় করবেন।
শায়রুল জানান, বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও শহরে, স্থায়ী কমিটি সদস্য ও সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান নরসিংদীর পলাশে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ, জাতীয় সংসদ স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নিজ সংসদীয় আসন নেত্রকোনা শহরে ঈদের নামাজ আদায় করবেন। শিল্পবিষয়ক মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর ধানমন্ডিতে ঈদের নামাজ আদায় করবেন। এছাড়াও অধিকাংশ মন্ত্রী ও সংসদ সদস্যগণ নিজ নিজ সংসদীয় আসনে ঈদের নামাজ আদায় করবেন।
ঈদের নামাজ আদায়ের পর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন ও কোরআন তেলাওয়াত অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলৗয় নেতাদের নিয়ে ও পরিবারের সদস্যদের নিয়ে এই কবর জিয়ারতে অংশ নেবেন।