২৪ মে ২০২৬, ১০:০৫

কাল থেকে শুরু হচ্ছে টানা সরকারি ছুটি 

সরকারের লোগো   © টিডিসি সম্পাদিত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল সোমবার (২৫ মে) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। গত ১৪ মে (বৃহস্পতিবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই দীর্ঘ ছুটির বিষয়টি নিশ্চিত করা হয়। 

২৮ মে ঈদুল আজহা ধরে আগে থেকেই ৬ দিনের ছুটি নির্ধারণ করে রেখেছিল সরকার। ছুটির তালিকা অনুযায়ী, ২৮ মে ঈদুল আজহার দিন সাধারণ ছুটি। ঈদুল আজহার আগে ২৬ ও ২৭ মে দুদিন এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত তিনদিনসহ মোট পাঁচদিন নির্বাহী আদেশে ছুটি।

তবে আগের অভিজ্ঞতার আলোকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গত ৭ মে ছুটি আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। ওইদিন মন্ত্রিসভা বৈঠকে ২৫ মে ছুটি ঘোষণা ও এর আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এরপর ১৪ মে ঈদুল আজহায় সাত দিনের ছুটির প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদের আনন্দ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং জরুরি রাষ্ট্রীয় ও নাগরিক সেবা সচল রাখতে বেশ কিছু সরকারি ও বেসরকারি খাতকে এই ছুটির আওতার বাইরে রাখা হয়েছে। জরুরি পরিষেবা হিসেবে গণ্য বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহে নিয়োজিত কর্মীরা এই ছুটির সুবিধা পাবেন না। এ ছাড়া ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা এবং ডাক সেবায় নিয়োজিত যানবাহন ও কর্মীরাও কর্মস্থলে উপস্থিত থাকবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় আরও জানিয়েছে, জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অন্য অফিসগুলোও এই সাধারণ ছুটির আওতার বাইরে থাকবে। এ ছাড়া বেশ কিছু গুরুত্বপূর্ণ খাতের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।