২৩ মে ২০২৬, ২১:৫৮

৮ ঘণ্টার বেশি গাড়ি চালালে বাতিল হবে লাইসেন্স ও রেজিস্ট্রেশন

প্রতীকী ছবি  © সংগৃহীত

সড়ক দুর্ঘটনা কমাতে গণপরিবহনের চালকদের কর্মঘণ্টা নিয়ে কঠোর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নির্ধারিত সময়ের চেয়ে বেশি গাড়ি চালানো হলে সংশ্লিষ্ট চালকের ড্রাইভিং লাইসেন্স এবং যানবাহনের রেজিস্ট্রেশন (নিবন্ধন) তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি। শনিবার (২৩ মে) বিআরটিএর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রচলিত মোটরযান আইন ও বিধিমালা অনুযায়ী কোনো চালক একটানা পাঁচ ঘণ্টার বেশি যানবাহন চালাতে পারবেন না। পাঁচ ঘণ্টা গাড়ি চালানোর পর তাঁকে অন্তত ৩০ মিনিট বিশ্রাম নিতে হবে। এরপর একই দিনে সর্বোচ্চ আরও তিন ঘণ্টা গাড়ি চালানোর অনুমতি থাকবে। সেই হিসাবে একজন চালক দিনে মোট ৮ ঘণ্টার বেশি এবং সপ্তাহে সর্বোচ্চ ৪৮ ঘণ্টার বেশি দায়িত্ব পালন করতে পারবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে বিআরটিএ।

 বিআরটিএর মতে, দীর্ঘ সময় বিশ্রামহীনভাবে গাড়ি চালানোর কারণে চালকদের মধ্যে তীব্র শারীরিক ও মানসিক ক্লান্তি তৈরি হয়, যা বড় বড় সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। তাই যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে পরিবহন মালিক ও চালক উভয় পক্ষকেই এই নির্ধারিত কর্মঘণ্টা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কোনো পরিবহন মালিক যদি চালককে দিয়ে জোরপূর্বক অতিরিক্ত সময় গাড়ি চালাতে বাধ্য করেন, কিংবা কোনো চালক নিজে আইন অমান্য করে নির্ধারিত সময়ের বেশি গাড়ি চালান—তবে উভয়ের বিরুদ্ধেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। 

এ ছাড়া উৎসব বা বিশেষ সময়ে সড়ক ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজন হলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের নির্ধারিত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে বিআরটিএ।