২১ মে ২০২৬, ১৮:২৪

ঈদুল আজহার ছুটিতে মেট্রোরেল চলাচলে নতুন সময়সূচি

মেট্রোরেল  © সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছুটির দিনগুলোতে মেট্রোরেলের চলাচলের নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে ঈদের দিন মেট্রোরেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (২১ মে) ডিএমটিসিএলের উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরীফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ঈদের ছুটির দিনগুলোতে উত্তরা উত্তর স্টেশন থেকে দিনের প্রথম ট্রেনটি সকাল সাড়ে ৬টা এবং মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেনটি সকাল ৭টা ১৫ মিনিটে যাত্রীদের নিয়ে ছেড়ে যাবে। অন্য দিকে উত্তরা উত্তর স্টেশন থেকে দিনের সর্বশেষ ট্রেনটি রাত সাড়ে ৯টা এবং মতিঝিল স্টেশন থেকে সর্বশেষ ট্রেনটি রাত ১০টা ১০ মিনিটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে।

ছুটিকালীন সময়ে দুই ট্রেনের মধ্যবর্তী সময় বা হেডওয়ে যাত্রীচাপের ওপর ভিত্তি করে সর্বনিম্ন ১২ মিনিট থেকে সর্বোচ্চ ১৫ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এই বিশেষ সূচিতে প্রতিদিন লাইনে ৭টি ট্রেন সেটের মাধ্যমে আনুমানিক ১৪০টি ট্রিপ পরিচালনা করা হবে, তবে যাত্রীদের ভিড় বিবেচনা করে ট্রিপ সংখ্যা কম বা বেশি হতে পারে।

আরও বলা হয়েছে, ঈদের ছুটির দিনগুলোতে সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত স্টেশনে সিঙ্গেল জার্নি টিকিট কেনা যাবে এবং এমআরটি বা র‍্যাপিড পাস টপআপের সুবিধাও চালু থাকবে। তবে শুক্রবার উত্তরা উত্তর স্টেশন থেকে বেলা ২টা ৪৫ মিনিটে এবং মতিঝিল স্টেশন থেকে বেলা ৩টা ৫ মিনিটে টিকিট বিক্রি শুরু হবে। প্রতিদিন রাত ৯টা ২০ মিনিটের পর সব স্টেশনের কাউন্টার ও ভেন্ডিং মেশিন বন্ধ হয়ে যাবে।