হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই চালু
যাত্রীসেবার মান বাড়াতে দেশের প্রধান প্রবেশদ্বার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চগতির ফ্রি ওয়াই-ফাই সুবিধা চালু করা হয়েছে। এই সেবার আওতায় একই সময়ে প্রায় ৩৭ হাজারেরও বেশি যাত্রী কোনো খরচ ছাড়াই উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আজ রবিবার (১৭ মে) দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এই আধুনিক ডিজিটাল সেবার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফকির মাহবুব আনাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। উদ্বোধন শেষে মন্ত্রী আফরোজা খানম সাংবাদিকদের বলেন, ‘বর্তমান সরকার নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ‘সবার জন্য দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট’ নিশ্চিত করতে কাজ করছে। তারই অংশ হিসেবে বিমানবন্দরের যাত্রীদের জন্য এই সেবা চালু করা হলো।’
একই সাথে খুব শিগগিরই বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, বিমানবন্দরের টার্মিনাল-১, টার্মিনাল-২, অভ্যন্তরীণ (ডোমেস্টিক) টার্মিনাল, ভিআইপি ও ভিভিআইপি টার্মিনাল এবং কার পার্কিং এলাকাসহ প্রায় ৯৪ হাজার বর্গমিটার জুড়ে এই ওয়াই-ফাই নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে। ফলে বিমানবন্দরের অভ্যন্তরে প্রবেশ করা সব যাত্রী নির্বিঘ্নে এই সুবিধা উপভোগ করতে পারবেন। এই বিশাল নেটওয়ার্কটি সর্বোচ্চ ৪০ জিবিপিএস ব্যান্ডউইথ সক্ষমতায় পরিচালিত হবে।
কারিগরি সুত্র থেকে জানা গেছে, বিমানবন্দরজুড়ে নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করতে ২৫০টি অ্যাকসেস পয়েন্ট, ৪৮ কিলোমিটার অপটিক্যাল ফাইবার ও ইথারনেট কেবল এবং ৩৭টি অ্যাকসেস সুইচ স্থাপন করা হয়েছে। প্রতিটি অ্যাকসেস পয়েন্ট একসঙ্গে সর্বোচ্চ ১৫০ জন ব্যবহারকারীকে গতিশীল ইন্টারনেট সেবা দিতে সক্ষম।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল পরীক্ষামূলকভাবে এই সেবা চালুর পর থেকে আজ পর্যন্ত প্রায় ২০ হাজার যাত্রী এটি ব্যবহার করেছেন এবং এই সময়ে মোট ২ দশমিক ৩ টেরাবাইট ডেটা ব্যবহৃত হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।