১৭ মে ২০২৬, ১৪:০৯

শিক্ষামন্ত্রীর নতুন এপিএস দুলাল মিঞা

বাংলাদেশ সরকারের লোগো  © সংগৃহীত

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সহকারী একান্ত সচিব (এপিএস) পদে রদবদল করা হয়েছে। বর্তমান এপিএস মোহাম্মদ ওমর ফারুক দেওয়ানকে সরিয়ে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে মো. দুলাল মিঞা ভূঞাকে।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দুলাল মিঞাকে শিক্ষামন্ত্রীর এপিএস হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ড. এহছানুল হক মিলন যতদিন শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন অথবা মো. দুলাল মিঞা ভূঞাকে তার সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

এর আগে চলতি বছরের মার্চ মাসে বরিশাল জেলা তথ্য অফিসের পরিচালক পদ থেকে মন্ত্রীর এপিএস হিসেবে দায়িত্ব পেয়েছিলেন মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত এহসানুল হক মিলন যখন শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তখন ওমর ফারুক তার জনসংযোগ কর্মকর্তা হিসেবে কাজ করেছিলেন।