অবসরে গেলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার
সরকারি চাকরির মেয়াদ শেষ হওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার অবসরে গেছেন। বৃহস্পতিবার (১৪ মে) ছিল তার শেষ কর্মদিবস এবং এদিন রাতেই তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।
সরকারের পক্ষ থেকে পরবর্তী পূর্ণাঙ্গ কমিশনার নিয়োগ না দেওয়া পর্যন্ত জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে এস এন নজরুল ইসলামই ডিএমপির দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবেন।
মো. সরওয়ার গত ২৬ ফেব্রুয়ারি পুলিশ হেডকোয়ার্টার্সের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্ব পেয়েছিলেন। এর আগে ২০২৪ সালের ২১ নভেম্বর শেখ মো. সাজ্জাত আলীকে ডিএমপির ৩৮তম কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার।
ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর অংশ হিসেবে তাকে এই দায়িত্ব দেওয়া হলেও, গত ২৫ ফেব্রুয়ারি তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেন। সাজ্জাত আলীর পদত্যাগের পর শূন্য হওয়া সেই পদে মো. সরওয়ারকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছিল, যার মেয়াদ গত বৃহস্পতিবার শেষ হলো।