ভোটার বেড়ে ১২ কোটি ৮৩ লাখ, ৬ মাসে কত বাড়ল?
দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ হাজার ছাড়িয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) সাইফুল ইসলাম জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর এখন দেশের ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে গত বছরের ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। সেদিন ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এদিকে, প্রায় ৬ মাসের মাথায় এসে ৬ লাখ ২৮ হাজার ভোটার বেড়েছে।
১২ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হওয়ার পর ভোটার হালনাগাদ অব্যাহত থাকে। গেল ৩১ মার্চ পর্যন্ত যারা নিবন্ধন করেছেন, তাদের নিয়ে আজ চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
ইসি কর্মকর্তারা জানান, গত ২৪ নভেম্বরের পরে যারা ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে, তারাই তালিকায় যুক্ত হয়েছেন।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী খসড়া তালিকা প্রকাশ করা হয় ২০ এপ্রিল। ভুল সংশোধন বা স্থানান্তরের আবেদন চলে ৩ মে পর্যন্ত। আবেদন নিষ্পত্তির সময় শেষ হয় ৬ মে।
আজ চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা জানিয়ে এনআইডি অনুবিভাগের পরিচালক সাইফুল ইসলাম জানান, বর্তমান ভোটারদের মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন; নারী ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ১ হাজার ২৪৩ জন।