পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন, বরাদ্দ ৩৪ হাজার কোটি টাকা
বহু আলোচিত ‘পদ্মা ব্যারাজ প্রকল্প’ অনুমোদন দিয়েছে সরকার। বুধবার (১৩ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ অনুমোদন দেওয়া হয়। এ প্রাথমিকভাবে ৩৪ হাজার ৩৪৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বহু প্রতীক্ষিত এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৫০ হাজার ৪৪৩.৬৪ কোটি টাকা। এর মূল লক্ষ্য শুষ্ক মৌসুমে পদ্মা নদীর পানি স্বল্পতা দূর করা, নদী ব্যবস্থার পুনরুজ্জীবন এবং দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সামগ্রিক পানি ও পরিবেশগত ব্যবস্থাপনার উন্নয়ন ঘটানো।
জানা গেছে, পাংশায় নির্মিতব্য ব্যারাজটি প্রায় ২ হাজার ৯০০ মিলিয়ন ঘনমিটার পানি সংরক্ষণ করবে, যা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পানি ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করবে। এ প্রকল্পের লক্ষ্য হলো জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত শুষ্ক মৌসুমে ইছামতী-মাথাভাঙ্গা, গড়াই-মধুমতি, চন্দনা-বারাসিয়া, বড়াল এবং ইছামতী নদী ব্যবস্থায় পানির নিয়মিত প্রবাহ নিশ্চিত করা।
আরও পড়ুন: নিয়োগ পেলেন ২৭তম বিসিএসের বঞ্চিত ৯৬ কর্মকর্তা
এছাড়া এটি গোদাগাড়ী পাম্প হাউস, গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্প এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পানি সরবরাহ নিশ্চিত করতে সহায়তা করবে। কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পাবনা ও রাজশাহীর প্রায় ২.৮৮ মিলিয়ন হেক্টর আবাদি জমিতে এর মাধ্যমে সেচ সুবিধা পাবে।
প্রকল্পটিতে ১১৩ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ব্যারাজের ডেকটিকে সড়কপথ, বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং গ্যাস পাইপলাইনের জন্য বহুমুখী করিডোর হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বার্ষিক চাল উৎপাদন ২.৩৯ মিলিয়ন টন এবং মাছ উৎপাদন ২.৩৪ লাখ টন বৃদ্ধি পাবে বলে আশা সংশ্লিষ্টদের।