সরকারের ৭ গুরুত্বপূর্ণ দপ্তরের শীর্ষ পদে রদবদল
প্রশাসনিক কাজের গতিশীলতা আনয়ন ও জনস্বার্থে সরকারের ৭টি গুরুত্বপূর্ণ দপ্তরের শীর্ষ পর্যায়ে রদবদল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগ থেকে জারিকৃত পৃথক প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাদের নতুন কর্মস্থলে প্রেষণে নিয়োগ ও বদলি করা হয়।
রদবদল হওয়া কর্মকর্তাদের তালিকা ও নতুন কর্মস্থল নিচে উল্লেখ করা হলো-
প্রধানমন্ত্রীর কার্যালয়: আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত যুগ্মসচিব জনাব মোহাম্মদ হেলাল উদ্দিনকে প্রেষণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১৮ মে তারিখের মধ্যে তাকে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর: বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার হাসান আকাশকে প্রেষণে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ‘উপ পরিচালক (এভসেক এন্ড এফএলএল পলিসি)’ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: হলে যাওয়ার সময় জাবি ছাত্রীকে টেনে-হিঁচড়ে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা
স্বাস্থ্য অর্থনীতি ইউনিট: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) শামীম আহমেদকে স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে ‘স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের’ উপপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়: ভূমি মন্ত্রণালয়ে কর্মরত উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলামকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘দেশের বিভিন্ন স্থানে সমন্বিত মসজিদ নির্মাণ ও সংস্কার’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মাঠ প্রশাসন (অতিরিক্ত জেলা প্রশাসক) পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক জনাব সুমন চন্দ্র দাশকে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মিজ শাহীন সুলতানাকে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনকে খুলনা বিভাগে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। ইতিপূর্বে তিনি নাটোরে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।