ঈদ উপলক্ষে দোকান-শপিংমল খোলা রাখার নতুন সময় নির্ধারণ করল সরকার
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের দোকানপাট ও বিপণিবিতান সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
মঙ্গলবার (১২ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগে এসব প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকলেও এখন থেকে ঈদ পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনসাধারণের সুবিধার্থে শপিংমল, মার্কেট ও দোকান আজ (১২ মে) থেকে ঈদুল আজহা পর্যন্ত সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আরও পড়ুন: দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস
এছাড়া রাত ১০টা পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকান খোলা রাখার বিষয়ে ব্যবস্থা নিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) প্রতি নির্দেশনা জারির জন্য মন্ত্রিপরিষদ সচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছে বিদ্যুৎ বিভাগ।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হতে পারে।
প্রসঙ্গত, জ্বালানি সংকটের কারণে গত ৩ এপ্রিল থেকে সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশনা দেয় সরকার। এরপর ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করে ৫ এপ্রিল থেকে এক ঘণ্টা বাড়িয়ে দোকান বন্ধের সময় সন্ধ্যা ৭টা করা হয়।