র্যাংকিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো শীর্ষে পৌঁছাতে পারেনি: প্রধানমন্ত্রী
আমাদের বিশ্ববিদ্যালয়গুলো র্যাংকিয়ের শীর্ষে পৌঁছাতে পারেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (১২ মে) বেলা ১০১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দিনব্যাপী ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্ববিদ্যালয়গুলো বৈশ্বিক মান বজায় রাখতে পেরেছে কিনা, হয়তো ফুটে উঠেছে, হয়তো ফুটে উঠেনি। তবে বাস্তবতা হচ্ছে একবিংশ শতাব্দিতে শিক্ষা-গবেষণা ও উৎকর্ষতা অর্জনের ক্ষেত্রে বিশ্বের বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের র্যাংকিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় উচ্চতায় পৌঁছাতে পারেনি। র্যাংকিয়ের ক্ষেত্রে সাধারণত গবেষণা প্রকাশনা, পাবলিকেশন ও উদ্ভাবন—এই বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়। সেই ক্ষেত্রে আমাদের অবস্থান কোথায়? এই বিষয়গুলো নিয়ে আমাদের শিক্ষাবিদগণ নিশ্চয়ই আরো চিন্তাভাবনা করবেন। শুধু পুঁথিগত শিক্ষায় নয় বিশ্ববিদ্যালয় গবেষণা এবং উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে মনে হয় প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের টিকে থাকা কিছুটা হলেও কষ্টসাধ্য হয়ে পড়বে।
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন কিংবা গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে সরকার অর্থ বরাদ্দ দেবে। এটাই স্বাভাবিক। তবে আমি যতটুকু জানি ব্রিটেনসহ বিশ্বের অনেক দেশে, যারা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই। তাদের অনেকেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের গবেষণা এবং উদ্ভাবন কার্যক্রমকে এগিয়ে নিতে সাধারণত পৃষ্ঠপোষকতা করে থাকেন। এজন্যই অনেকে বলে থাকেন শিক্ষার্থীরা হলো বিশ্ববিদ্যালয়ের প্রাণ আর অ্যালামানাই হলো তার মেরুদণ্ড।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যারা বর্তমানে দেশে-বিদেশে জ্ঞানে বিজ্ঞানে ও অর্থবিত্তে প্রতিষ্ঠিত। সেইসব অ্যালামনাইদের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা উন্নয়নে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়ার জন্য শিক্ষাবিদদের প্রতি বিনীত আহ্বান জানাই।’