১২ মে ২০২৬, ০১:২৬

বিআরটিএর নম্বর প্লেট-আরএফআইডি ব্যবহারের নির্দেশ, আগামী সপ্তাহ থেকে কঠোর ব্যবস্থা

ডিএমপি লোগো  © সংগৃহীত

সড়কে চলাচলকারী যেসব যানবাহনে বিআরটিএ সরবরাহকৃত নির্ধারিত নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ নেই, তাদের বিরুদ্ধে আগামী সপ্তাহ থেকে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ মঙ্গলবার (১২ মে) ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সড়কে চলাচলকারী প্রতিটি নিবন্ধিত যানবাহনে সরকার নির্ধারিত রঙ, নকশা ও আকারের নম্বর প্লেট নির্ধারিত স্থানে লাগানো আইনগতভাবে বাধ্যতামূলক। তবে লক্ষ্য করা যাচ্ছে যে, অনেক যানবাহনে বিআরটিএ সরবরাহ করা ডিজিটাল নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার করা হচ্ছে না। অনেক মালিক নম্বর প্লেট নির্ধারিত স্থানে না লাগিয়ে অন্য জায়গায় লাগাচ্ছেন, আবার কেউ কেউ ডিজিটাল প্লেটের পরিবর্তে হাতে লিখে বা রঙ দিয়ে নম্বর লিখে যানবাহন চালাচ্ছেন।

ডিএমপি জানায়, অনেক যানবাহন মালিক নম্বর প্লেটের ফি পরিশোধ করলেও বিআরটিএ থেকে তা সংগ্রহ করেননি। এছাড়া অনেক যানবাহনের উইন্ডশিল্ডে লাগানো আরএফআইডি ট্যাগ অকার্যকর অবস্থায় পাওয়া যাচ্ছে। এর ফলে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় ডিজিটাল তদারকি ও শৃঙ্খলা বজায় রাখতে জটিলতা সৃষ্টি হচ্ছে।

উদ্ভূত পরিস্থিতিতে ডিএমপির পক্ষ থেকে যানবাহন মালিক ও চালকদের প্রতি বিআরটিএ নির্ধারিত নম্বর প্লেট সঠিক স্থানে লাগানোর জোরালো আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে উইন্ডশিল্ডে থাকা আরএফআইডি ট্যাগটি কার্যকর আছে কি না, তা যাচাই করে নিশ্চিত হতে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, আগামী সপ্তাহ থেকে এই নিয়ম অমান্যকারী এবং নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগবিহীন যানবাহনের বিরুদ্ধে মোটা অঙ্কের জরিমানাসহ কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। মহানগরের ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এই অভিযানে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে ডিএমপি।