১১ মে ২০২৬, ১৭:১৭

খাগড়াছড়িতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে: পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান

বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান  © টিডিসি ফটো

পার্বত্য চট্টগ্রামকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে এবং জনসেবা নিশ্চিত করতে খাগড়াছড়িতে কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। পাহাড়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে খাগড়াছড়িতে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।

সোমবার (১১মে) দুপুরে খাগড়াছড়ি সার্কিট হাউজে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রথমবারের মতো খাগড়াছড়ি সফরে এসে পার্বত্যমন্ত্রী পাহাড়ের মানুষের প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্যাঞ্চলের মানুষ তিন জেলায় বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয়ী করেছে। এই জনসমর্থনের প্রতিদান দিতে সরকার পাহাড়ে টেকসই শান্তি ও সুষম উন্নয়ন নিশ্চিত করবে।

তিনি বলেন, পাহাড়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে খাগড়াছড়িতে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পাহাড়ি কৃষিপণ্য ও ফল সংরক্ষণের জন্য আধুনিক হিমাগার নির্মাণ এবং পর্যটন নগরী সাজেকে যাতায়াত সহজ করতে সড়ক সম্প্রসারণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা পার্বত্যাঞ্চলের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করতে খুব শিগগিরই তিন পার্বত্য জেলা পরিষদ, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স ও পার্বত্য উন্নয়ন বোর্ড পুনর্গঠন করা হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার শাহাদাত। এছাড়াও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিওনের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ওবায়দুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, মং সার্কেল চীফ সাচিংপ্রু চৌধুরী, পুলিশ সুপার মোরতোজা আলী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এনআফছার সহ বিভিন্ন সুশীল সমাজের নেতৃবৃন্দ।