শিশুদের সুরক্ষায় এই সরকার জান দিয়ে কাজ করছে: মানসুরা
দেশব্যাপী শিশুদের সুরক্ষায় এই সরকার জান দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও ঢাবি ছাত্রদল নেত্রী মানসুরা আলম। সোমবার (১১ মে) সরকারী শিশু সদন পরিদর্শন করে নিজের ফেসবুকে তিনি এ কথা জানান।
সেখানে তিনি লিখেন, ‘আপনারা দেখেছেন হামে মৃত শিশুর বাবা মা একজন আরেকজনকে জড়িয়ে কাঁদছে, কারন তাদের আদরের সন্তান মারা গেছে।এই যে বাচ্চাগুলোকে দেখছেন, ওরা মারা গেলে কাঁদারও কেউ নেই। ওদের বাবা মা পরিবার বলতে সরকার, সরকারী লোকেরা।তারাই শিশু সদন, সরকারি শিশু পরিবারে বড় হওয়া এই শিশুদের রক্ষনাবেক্ষন করে থাকেন। তবে কতটা দায়িত্বশীলতার সাথে এতদিন করতে পেরেছেন, সেটাই প্রশ্ন এখন।’
শিশু সদনের সংক্রামক রোগে আক্রান্ত শিশুদের ছবি যুক্ত করে তিনি জানান, ‘ গতকালকেই আমি সমাজকল্যান অধিদপ্তরের এক কর্মকর্তা মারফত জানতে পারলাম, এই শিশুদের হামের সাথে কিছু স্কিন ডিজিজও দেখা দিচ্ছে। সংক্রামক হাসপাতালে হামের চিকিৎসা চললেও আলাদা করে স্কিন ডিজিজের চিকিৎসার ব্যাপারে কোন তদারকি নেই কারো। ওই যে, ওদের তো তাগাদা দেওয়ার মানুষ নেই, কান্নার জন্য বাবা মা নেই। তাই ডার্মাটোলজিস্টদের উপস্থিতির প্রয়োজনটাও নেই। এই স্কিন ডিজিজ হচ্ছেও শুধু সেইসব বাচ্চাদের, যারা অপুষ্টিতে ভুগছে এবং ইমিউনিটি কম। স্বাভাবিকভাবেই শিশু সদনের বাচ্চারা এই ডিজিজে আক্রান্ত হচ্ছে বেশি।
তিনি জানান, ‘আমি সাথে সাথে সেটি জানালাম মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দার ভাইকে।জিয়া ভাই খুব মনোযোগ দিয়ে পুরো ব্যাপারটা শুনলেন এবং কি কি করতে পারেন সেটাও শুনলেন। এরপরই ICDDRB র পরিচালককে সেটা অবহিত করলেন। পরিচালকের সাথে আমাকেও সংযুক্ত করিয়ে দিলেন যাতে তথ্য মোতাবেক দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। পরবর্তীতে পরিচালক আমাকে জানালেন তারা দ্রুত ডার্মাটোলজিস্টদের পরামর্শ ও যথাযথ টেস্টের মাধ্যমে বাচ্চাদের এই সমস্যা নিয়ে কাজ করছেন।’
সরকার শিশুদের নিয়ে কাজ করছে উল্লেখ করে তিনি জানান, ‘শিশুদের সুরক্ষায় এই সরকার জান দিয়ে কাজ করছেন।কতটা সিরিয়াসনেসের সাথে সংশ্লিষ্টরা কাজটা করছেন সেটা আমি বুঝলাম কালকে।সরকারের উচ্চমহলের মানুষেরা হাম সংক্রান্ত ছোট ছোট তথ্য নিয়েও আলাদা করে মিটিং করছেন। সংক্রামক হাসপাতালের সংখ্যাও বৃদ্ধি করা হচ্ছে।’
চলমান হাম নিয়ে মানসুরা লিখেন, ‘ক্রাইসিস একটা হয়েছে। যার অবহেলাতেই হোক না কেন, সরকার সেটা নিয়ে বসে নেই। সরকার নিজের কাজটা করছে সেটি থেকে মুক্তি পাওয়ার জন্য, এই দেশের ভবিষ্যৎকে রক্ষা করার জন্য। সোশ্যাল মিডিয়ায় অনেকের বড় বড় হুংকার আর হায় হায় দেখি। তাদেরকে কাজ করার আহব্বান জানাই। সংক্রামক হাসপাতালগুলোতে পরিস্থিতি দেখে আসার আহব্বান জানাই। কারো যদি কোন অবহেলা থাকে, তাহলে সেটা নিয়ে যেন কথা বলেন খুঁটিনাটি ধরে। সরকার যদি সে সমস্যার সমাধানে দায়িত্বশীল না হয়,তখন হুংকার দেন। আগে শিশুদের রক্ষায় মনোযোগী হোন।আমাদের রাজনীতিই মানুষকে কেন্দ্র করে।’