হেফাজতের ৫৮ জনকে হত্যা মামলায় প্রধান আসামি হচ্ছেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে চালানো হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার (৫ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
প্রসিকিউটর বলেন, ‘২০১৩ সালের ৫ মে মাসে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে ৫৮ জন নিহতের তথ্য পাওয়া গেছে। এরমধ্যে শাপলা চত্বরে ঢাকার মধ্যেই ৩২ জন নিহত। নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জন নিহতের তথ্য ও পরিচয় শনাক্ত করা গেছে। ঢাকায় দিনের বেলা ও রাতে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। পরদিন নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে হত্যাকাণ্ড সংঘটিত হয়।’
তদন্তের অগ্রগতির বিষয়ে তিনি বলেন, ‘শাপলা চত্বরের মামলায় ৯০ শতাংশ তদন্ত কাজ সম্পন্ন হয়েছে। ৭ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে প্রসিকিউশন।’
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম আরও বলেন, ‘এসব হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্তত ৩০ জনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যাচ্ছে।’
হত্যাকাণ্ডে মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নাম আসবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘তদন্তের স্বার্থে আমরা আসামির নাম প্রকাশ্যে আনছি না। চৌধুরী আবদুল্লাহ আল মামুন হত্যাকাণ্ডের সময় মিশনে ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। তবে তার বিষয়ে তদন্ত হবে। কারণ দূরে থেকেও পরিকল্পনায় অংশ নেয়া ও নির্দেশ দেয়া যায়।’
এ মামলার অন্য আসামিদের মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক (টুকু), মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, হাসান মাহমুদ খন্দকার ও বেনজীর আহমেদ, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম প্রমুখ।