০২ মে ২০২৬, ১২:৫২

‘বিএনপির রাজনীতি করার কারণে মেয়র থাকাকালে বৈষম্যের শিকার হয়েছি’

সুধী সমাবেশে বক্তব্য দিচ্ছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী  © টিডিসি

বিএনপির রাজনীতি করার কারণে নিজে মেয়র থাকাকালে অনেক বৈষম্যের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শনিবার (২ এপ্রিল) দুপুরে নগর ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে সুধী সমাবেশে এমন অভিযোগ করলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক এই মেয়র।

এ সময় আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আজকে নগরের জলাবদ্ধতা নিরসনে আপনি যে প্রকল্প উদ্বোধন করলেন আমি মেয়র থাকাকালে এই প্রজক্টগুলো দাখিল করি। কিন্তু আমি তখন বিরোধীদলীয় মেয়র হওয়ায় এটি অনুমোদন হয়নি। আওয়ামী লীগের আমলে আমি ১০ বছর মেয়র ছিলাম, কোন প্রজেক্টই বাস্তবায়নই হয়নি। সিলেটের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চূড়ান্ত পর্যায়ে আটকে দেওয়া হলো। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিশ্বব্যাংকের প্রকল্পও বাস্তবায়ন করা যায়নি।’

কর্মসংস্থানমন্ত্রী বলেন, লাক্কাতুরা থেকে ছড়া খেটে সুরমা নদী পর্যন্ত পৌছে দিলে নগরের অন্তত ৫০টি এলাকা জলাবদ্ধতা থেকে মুক্ত পাবে। এই সরকারের আমলেই তা করা সম্ভব।সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে সাড়ে সাত হাজার কোটি টাকার মেগা প্রকল্প শনিবার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

এ প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, এই প্রকল্প সরকারি অর্থায়নে না করে বিদেশি ফান্ডের অপেক্ষায় থাকলে আরও ১০ বছর অপেক্ষা করতে হবে। তাই সরকারি অর্থায়নেই এটি করা দরকার। 

নগরের সমস্যা নিয়ে মন্ত্রী বলেন, নগর বড় হয়েছে। কিন্তু নগরের সম্প্রসারিত এলাকায় সড়ক ও ড্রেনের অবস্থা খুব নাজুক। এগুলো সংস্কার করা জরুরি।