০২ মে ২০২৬, ১০:৪২

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান   © টিডিসি ফটো

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সিলেট পৌঁছেছেন তারেক রহমান। শনিবার (২ মে) সকাল ১০টার দিকে তাকে বহনকারী একটি ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন। 

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুত্তাদীর, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী। এ সময় সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান ও জেলা প্রশাসক সারওয়ার আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ‘প্রধানমন্ত্রীর সাথে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান আছেন। খাল খনন কর্মসূচি, নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি শেষ করে রাতে ঢাকায় ফিরবেন।’ 

নির্ধারিত সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে সরাসরি হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন। সেখান থেকে তিনি খাদিম নগরে হযরত শাহ পরাণ (র.) মাজারে জিয়ারত সম্পন্ন করবেন।

মাজার জিয়ারত শেষে বেলা ১১টায় প্রধানমন্ত্রীর শহরের চাঁদনী ঘাটে সিলেট সিটি করপোরেশন কর্তৃক আয়োজিত জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে। এরপর দুপুর ১২টায় তিনি সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বাইশা নদী পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করবেন। মধ্যাহ্নভোজ ও জোহরের নামাজের জন্য তিনি সিলেট সার্কিট হাউজে অবস্থান করবেন।

বিকেল ৩টায় সিলেট স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচির উদ্বোধন করবেন সরকারপ্রধান। জেলা পর্যায় থেকে তৃণমূলের শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণের এই বিশেষ উদ্যোগটি বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতির অংশ। এরপর বিকেল ৫টায় শহরের শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক দলীয় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

উল্লেখ্য যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা এই সিলেট থেকেই শুরু করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গত ২১ জানুয়ারি আলিয়া মাদ্রাসার জনসভার মাধ্যমে সেই নির্বাচনি কর্মসূচির সূচনা হয়েছিল। তবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর শনিবারই তার প্রথম সিলেট সফর। সকল কর্মসূচি শেষে আজ রাতেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।