২৫ এপ্রিল ২০২৬, ১৭:০৪

গো-কার্ট চালিয়ে তরুণ উদ্যোক্তাকে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

তরুণ উদ্যোক্তা রিজওয়ান রশিদের বানানো গো-কার্ট চালাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান  © সংগৃহীত

দেশীয় প্রযুক্তিতে তৈরি গো-কার্ট (রেসিং কার) চালিয়ে একজন তরুণ উদ্যোক্তাকে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই তরুণের প্রশংসা করে ভবিষ্যতে আরও আধুনিক সংস্করণ তৈরিতে সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি। গো-কার্টটি তৈরি করেছেন রিজওয়ান রশিদ নামের একজন তরুণ উদ্যোক্তা।

শনিবার দুপুরে (২৫ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে আসেন রিজওয়ান রশিদ। সেখানে নিজের তৈরি গো-কার্টটি প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন তিনি। রিজওয়ানের তৈরি করা গো-কার্ট আগ্রহভরে নতুন এই যানটি পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমনকি উৎসাহ নিয়ে সেটি চালিয়েও দেখেন তিনি।

গো-কার্ট তৈরি করা তরুণ উদ্যোক্তা রিজওয়ানের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী গো-কার্টটি চালানোয় অভিভূত হয়েছেন তরুণ রিজওয়ান রশিদ। তিনি বলেন, তার বানানো গাড়ি প্রধানমন্ত্রী চালাবেন তা তিনি ভাবতেই পারেননি, এটি তাকে অনুপ্রাণিত করেছে। রিজওয়ান রশিদ জানান, গো-কার্টটি রাজধানীর মোহাম্মদপুর থেকে চালিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গো-কার্ট তৈরির বিষয়টি ভাইরাল হলে তা প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে এ বিষয়ে খোঁজ-খবর নিতে তিনি অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে দায়িত্ব দেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীকে গোট-কার্ট তৈরির গল্প শোনান রিজওয়ান রশিদ। তিনি জানান, তার বাবা একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের যান্ত্রিক বিভাগে কর্মরত, বাবার অনুপ্রেরণাতেই এই কাজ শুরু করেন তিনি। ২০২৫ সালে এইচএসসি পরীক্ষার পর অবসর সময়কে কাজে লাগাতে কিছু করার পরিকল্পনা করেন রিজওয়ান রশিদ। পরিবারের পক্ষ থেকে মোটরসাইকেল কিনে দিলেও তার আগ্রহ ছিল গাড়িতে। কিন্তু আর্থিক সীমাবদ্ধতা থাকায় তিনি নিজেই গো-কার্ট তৈরি করেন।

এদিকে, গো-কার্ট চালানোর অভিজ্ঞতা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দেশের তরুণদের এমন সৃজনশীল কাজে আরও বেশি সম্পৃক্ত হওয়া উচিত।