১৬ এপ্রিল ২০২৬, ১৩:৫০

দেশের প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি স্কুল হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন  © টিডিসি ছবি

জাতীয় সংসদে কারিগরি শিক্ষার সম্প্রসারণে সরকারের অগ্রাধিকার তুলে ধরেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর লক্ষ্য হলো দেশের সব উপজেলায় একটি করে কারিগরি স্কুল প্রতিষ্ঠা করা।

মন্ত্রী জানান, অতীতে খালেদা জিয়া ১৯৯৬ ও ২০০১ সালে দায়িত্ব পালনকালে ৬৪ জেলায় টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন, যা বর্তমানে কার্যকর রয়েছে। একই সময়ে এসএসসি পর্যায়ে ভোকেশনাল শিক্ষাও চালু করা হয়েছিল।

কারিগরি শিক্ষার গুরুত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আনন্দিত যে প্রধানমন্ত্রী এই খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। জুলাই চব্বিশের বিপ্লবের পর কারিগরি শিক্ষা নিয়ে সবার মধ্যে নতুন করে উপলব্ধি তৈরি হয়েছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক।’

তিনি আরও বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই এবং এ খাতের উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

কারিগরি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ইস্যুতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসন থেকে নির্বাচিত প্রার্থী জয়নুল আবেদীন নোটিশের বিষয়ে কথা বলতে গিয়ে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। পরে সংসদে বরিশাল জেলার মুলাদী উপজেলায় একটি কারিগরি শিক্ষপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার বিষয়ে সংসদে বিলা পাস হয়।