১১ এপ্রিল ২০২৬, ০০:৫৮

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ

আকবর হোসেন মজুমদার  © সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেছেন আকবর হোসেন মজুমদার। একান্ত ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগের কথা জানিয়েছেন তিনি নিজেই। আজ শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এই ঘোষণা দেন তিনি।

আকবর হোসেন ফেসবুক পোস্টে লিখেছেন, Dear all - লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে আমি পদত্যাগ করেছি। একান্ত ব্যক্তিগত ও পারিবারিক কারণে সেখানে দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। বিষয়টির সাথে অন্য কোনও কিছুর সম্পর্ক নেই। ধন্যবাদ।

এর আগে, অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ২৪ নভেম্বর দুই বছর মেয়াদে বিবিসির ঢাকা ব্যুরোর সাংবাদিক আকবর হোসেন মজুমদারকে এ পদে নিয়োগ দেয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল, দুই বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ কার্যকর হবে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্তদের অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে দায়িত্ব গ্রহণ করতে হবে।