শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহ বাড়াতে প্রতিযোগিতার আয়োজন করবে সরকার
সারাদেশে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়াতে বই পড়ার প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিচ্ছে সরকার।
মঙ্গলবার (৭ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধানমন্ত্রীর সংস্কৃতি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান।।
তিনি বলেন, ‘আজকে সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি মিটিং হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। আমিও ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে সভায় ছিলাম। খুব দ্রুত এটা আপনারা অফিশিয়ালি জানবেন। সারাদেশে ছাত্রছাত্রীদের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরি করার জন্য বই পড়ার প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। এটা আমি আগাম জানিয়ে দিলাম।’
উপদেষ্টা বলেন, ‘বিএনপি সরকার যখন প্রথম ক্ষমতায় ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় নতুন কুঁড়ি সাংস্কৃতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে শুরু হয়েছিল। এবার এটাকে খেলাধুলার ক্ষেত্রেও আওতা বাড়ানো হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন। আরও কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের ট্যালেন্ট হান্টিং হবে সেটা নিয়ে আজকে সকালেই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একটা বৈঠকে আমরা ছিলাম।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই আমাদের তরুণ সমাজকে যত বেশি সম্ভব সৃজনশীল এবং যা তার জন্য ভালো এরকম কর্মকাণ্ডে প্রতিযোগিতায় নিয়ে আসা। আগামী ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী এটার উদ্বোধন করবেন।’