৩১ মার্চ ২০২৬, ১০:৫৮

আয়কর রিটার্ন জমার শেষ দিন আজ

প্রতীকী ছবি   © সংগৃহীত

ব্যক্তি পর্যায়ের অনলাইনে আয়কর রিটার্ন জমার শেষ সময় আজ মঙ্গলবার (৩১ মার্চ)। প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা বাধ্যতামূলক হলেও নানা প্রেক্ষাপটে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সময়সীমা বাড়িয়ে থাকে। এই অর্থবছরে কয়েক দফায় সময় বাড়িয়ে সর্বশেষ ৩১ মার্চ নির্ধারণ করা হয়।

জাতীয় রাজস্ব বোর্ড জরিমানা ও অতিরিক্ত কর এড়াতে করদাতাদের অনুরোধ করেছে, তারা আজকের মধ্যে রিটার্ন জমা দিক অথবা ব্যক্তিগত কারণে সময় বাড়ানোর জন্য আবেদন করুক। গত রবিবার এনবিআর এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার কিছু ব্যতিক্রম ছাড়া সব ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক। ইতোমধ্যে ই-রিটার্ন সিস্টেমে ৫০ লাখের বেশি করদাতা নিবন্ধিত হয়েছেন, যাদের মধ্যে ৪১ লাখ ৫০ হাজারের বেশি রিটার্ন জমা হয়েছে।

যারা বিশেষ কারণে আজকের মধ্যে রিটার্ন দিতে পারবে না, তাদের জন্য অনলাইনে সময় বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। তবে ৩১ মার্চের আগেই আবেদন করতে হবে। সংশ্লিষ্ট কর কমিশনার আবেদনের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত সময় বাড়াতে পারেন। অনুমোদিত বর্ধিত সময়ে রিটার্ন জমা দিলে কোনো জরিমানা বা বিলম্ব মাশুল দিতে হবে না।

অনলাইনে আবেদন করতে করদাতাকে অবশ্যই নিজের নামে বায়োমেট্রিক নিবন্ধিত সিম ব্যবহার করে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করতে হবে। যাদের জন্য অনলাইন রিটার্ন বাধ্যতামূলক নয়, তারা অনলাইনে অথবা সরাসরি সংশ্লিষ্ট সার্কেলে লিখিতভাবে আবেদন করতে পারবেন।