২৪ মার্চ ২০২৬, ০৮:১৫

শাহ আমানত বিমানবন্দরে আরো ৭ ফ্লাইট বাতিল

বাংলাদেশ বিমান  © সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা তীব্র হয়ে ওঠায় আন্তর্জাতিক আকাশপথে যোগাযোগ আবারও ব্যাহত হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। সোমবার (২৩ মার্চ) একদিনেই বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে কয়েক হাজার প্রবাসী ও বিদেশগামী যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

বিমানবন্দর সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে অস্থিরতা শুরু হওয়ার পর এ পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ১৭৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, সোমবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে চট্টগ্রামগামী ৩টি ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ২টি ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার আগমন ও বহির্গমন মিলিয়ে ২টি ফ্লাইট।

তিনি আরও জানান, যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক আকাশসীমা ব্যবহারে ঝুঁকি ও সীমাবদ্ধতা তৈরি হওয়ায় ফ্লাইট সূচিতে বড় ধরনের বিঘ্ন ঘটছে।

জানা গেছে, ফ্লাইট বাতিলের মধ্যেও সীমিত পরিসরে কিছু কার্যক্রম চালু ছিল। সোমবার বিভিন্ন এয়ারলাইন্সের ৬টি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে এবং ৫টি ফ্লাইট গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। তবে শারজাহ, দুবাই ও আবুধাবি রুটে সালাম এয়ার, এয়ার আরাবিয়া এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট চলাচল এখনও স্বাভাবিক হয়নি।