সবাইকে নিয়ে ইনসাফ ও ন্যায় ভিত্তিক সমাজ গঠন করতে চাই: ডেপুটি স্পিকার
মাহে রমজান উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় গণইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
এই অনুষ্ঠানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি এজমল হোসেন পাইলট, উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভুঁইয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হাসেমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার বিকেলে কলমাকান্দা সরকারি পাইলট বিদ্যালয় মাঠে আয়োজিত এ ইফতার মাহফিল এক মিলনমেলায় পরিণত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।
ইফতার-পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে তিনি সবসময় মানুষের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ‘মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আজ নতুন এক জায়গায় উপস্থাপিত হয়েছি। কলমাকান্দাবাসীর সন্তান হিসেবে আমি আপনাদের কাছে একটি অনুরোধ জানাই— আমরা যেন সততা ও ঈমানের সাথে জীবন পরিচালনা করি।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনের আগে আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা হলো একটি ন্যায়ভিত্তিক ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য বাস্তবায়নে সকল রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন এবং সাংবাদিকদের প্রতি আহ্বান জানাই— আসুন, আমরা সবাই একসাথে কাজ করি। দল-মত, পথ, শ্রেণি ও ধর্ম নির্বিশেষে সবাই যেন সমান অধিকার ভোগ করতে পারে— এমন একটি মানবিক সমাজ গড়ে তুলতে হবে।
ইফতার মাহফিলে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আয়োজকদের আন্তরিক প্রচেষ্টায় এ ধরনের বৃহৎ আয়োজন সম্ভব হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় কলমাকান্দাকে একটি আদর্শ, শান্তিপূর্ণ ও ইনসাফভিত্তিক জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।