সংসদীয় গণতন্ত্রে ফেরার পর প্রথমবার একসঙ্গে ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
সংসদীয় গণতন্ত্রে ফেরার পর প্রথমবার একসঙ্গে ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধান জামাতে ঈদের নামাজ আদায় করবেন। সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত অনৃুষ্ঠিত হবে। সম্প্রতি জাতীয় ঈদগাহ পরিদর্শনের পর স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, এইবারের ঈদগাহ ময়দানের ঈদের নামাজটা স্বাভাবিক কারণে একটু ঐতিহাসিক হবে। কারণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এই ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন। দীর্ঘদিন পর জাতি রাষ্ট্রপতির সাথে একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসাবে এই ঈদে একসঙ্গে দুইজন ভিভিআইপিকে নামাজ পড়ার জন্য দেখবেন।
ঢাকা সিটি করপোরেশনের আয়োজনে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধান জামাতের প্রস্তুতির অবস্থা দেখতে শনিবার (১৪ মার্চ) সকালে জাতীয় ঈদগাহে আসেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কাজী শাহে আলম, সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম। এ সময়ে স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, প্রধান মন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান, ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার ছিলেন। তারা পুরো ঈদগাহ ঘুরে দেখেন।
ঢাকা সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম বলেন, শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এবার আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের সাথে নামাজ পড়বেন। আশা করি মন্ত্রিপরিষদের সদস্যরাসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা তারাও এখানে নামাজ পড়বেন। জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মানুষের নামাজের ব্যবস্থা আছে। পাশাপাশি মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, পুরুষ ও মহিলা মিলে প্রায় ৪০ হাজার জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে পারবেন। মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে।