এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের এক ভিসি
প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক হিসেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ের ভিসি অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়ালকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
রবিবার (১৫ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. গোলাম রব্বানী সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়ালকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে যেটি আগে ঘটে ততদিন সরকারের সচিব পদমর্যাদা ও অন্যান্য সুবিধাদিসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।
এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।