‘মধ্যবিত্ত-উচ্চবিত্তরাও পাবে ফ্যামিলি কার্ড’
প্রথমে হতদরিদ্র ও নিম্নবিত্তরা। পরে ধাপে ধাপে মধ্যবিত্ত-উচ্চবিত্তরাও পাবে ফ্যামিলি কার্ড—এমনটাই জানিছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশে ১৮ কোটি মানুষ হলে প্রতি পরিবারে ৫ জন করে হলে সাড়ে ৪ কোটি পরিবার আছে। আমরা তথ্যগুলো সংগ্রহ করছি। প্রতিটি পরিবারের দরজায় দরজায় গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিএনপি প্রশাসনকে এমনভাবে ব্যবহার করছে, কর্মকর্তারা জনগণের বাড়িতে যাচ্ছে তথ্য সংগ্রহের জন্য।
তিনি বলেন, আগামী দুই বছরের মধ্যে দুই থেকে আড়াই কোটি পরিবার ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে। প্রথম দিকে হতদরিদ্র, তারপরে দরিদ্র এবং পরে নিম্নবিত্ত। পরে মধ্যবিত্ত এবং উচ্চবিত্তরাও কার্ড পাবে। কার্ড পাওয়াটা সবার অধিকার।
জানা গেছে, পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করতে আগামী ১০ মার্চ বগুড়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে নিজ জেলা বগুড়ায় হবে তাঁর প্রথম সরকারি সফর।
ওই দিন সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। এর মাধ্যমে দেশের ১৪টি উপজেলার একটি করে ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে।