২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪৩

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটিতে থাকছেন না রাজনীতি সংশ্লিষ্টরা

ফ্যামিলি কার্ড  © সংগৃহীত

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও উপকারভোগী নির্বাচনে কমিটি গঠন করেছে সরকার। উপজেলা, শহর, পৌর এবং ইউনিয়ন পর্যায়ে পৃথকভাবে এসব কমিটি কাজ করবে। এসব কমিটিতে ঠাঁই পেয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। কোনো রাজনৈতিক নেতা বা রাজনৈতিক দল থেকে নির্বাচিত জনপ্রতিনিধি এতে স্থান পাননি।

এর মধ্যে উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) আহ্বায়ক করে গঠিত কমিটিতে ১২ জন সদস্য রয়েছেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা এই কমিটির সদস্যসচিব। কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী কমিশনার (ভূমি), উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাচন অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা আইসিটি কর্মকর্তা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক করে গঠিতে ১২ সদস্যের শহর কমিটিতে সদস্যসচিব হিসেবে থাকছেন শহর সমাজসেবা কর্মকর্তা। এর অন্য সদস্যরা হলেন— সহকারী কমিশনার (ভূমি), মেট্রোপলিটন কৃষি কর্মকর্তা, সমাজকল্যাণ কর্মকর্তা, মহিলা ও শিশু অধিদপ্তরের প্রতিনিধি, থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, থানা নির্বাচন অফিসার, থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, থানা পরিসংখ্যান কর্মকর্তা, থানা স্বাস্থ্য কর্মকর্তা ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) প্রতিনিধি।

অপরদিকে ইউনিয়ন ও পৌর কমিটি গঠন করা হয়েছে ৬ সদস্য নিয়ে। ইউনিয়ন কমিটিতে আহ্বায়ক উপসহকারী কৃষি কর্মকর্তা এবং সদস্যসচিব করা হয়েছে ইউনিয়ন সমাজকর্মীকে। এর সদস্যরা হলেন— সহকারী স্বাস্থ্য পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শক, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও দফাদার।

প্রধান নির্বাহী কর্মকর্তা অথবা নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক করে গঠিত পৌর কমিটির সদস্যসচিব হলেন পৌর সমাজকর্মী। অন্য সদস্যরা হলেন— কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পৌর ভূমি সহকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানার প্রতিনিধি।