অনলাইন পোর্টাল ও আইপি টিভি নীতিমালার আওতায় আনা হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গত ১৭ বছর অনিয়ম ও দুর্নীতির কারণে মন্ত্রণালয় সঠিকভাবে পরিচালিত হয়নি। এখন থেকে সব কিছুই নিয়ম ও নীতিমালার আওতায় চলবে। দেশের সকল আইপি টিভি ও অনলাইন পোর্টালকে একটি নীতিমালার আওতায় আনা হবে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের নান্দাইল প্রেস ক্লাব পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, একটি মোবাইল ফোনের মাধ্যমে যারা অনলাইন পোর্টাল চালাচ্ছেন, তাদের সরকারি নীতিমালা মেনে কাজ করতে হবে। বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা লঙ্ঘন করতে চায় না। প্রধানমন্ত্রী তারেক রহমানও এ বিষয়ে সচেতন। তিনি আরও বলেন, স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের বিকাশের জন্য অপরিহার্য।
পরে প্রতিমন্ত্রী নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নানান পরামর্শ ও নির্দেশ দেন। একই সঙ্গে তিনি নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে রোগীদের খোঁজ খবর নেন।